বিনোদন ডেস্ক : বলিউডে পা রাখার পর এক দশক পূর্ণ হতে যাচ্ছে অভিনেত্রী ফাতিমা সানা শেখের। আগামী মাসে তার ক্যারিয়ারের এই বিশেষ সময় পূর্ণ হওয়ার পাশাপাশি আমির খান অভিনীত ‘দঙ্গল’ সিনেমারও ১০ বছর পূর্ণ হবে। এই সিনেমার হাত ধরেই পরিচিতি ও কাজের সুযোগ পেয়েছিলেন ফাতিমা; সম্প্রতি এক সাক্ষাৎকারে কথাটি জানালেন নিজেই।
দঙ্গল’-এর আগে ফাতিমা ছিলেন একেবারেই অপরিচিত। বলিউডের সঙ্গে আগে থেকে তার কোনো সংযোগ ছিল না; কোনো তারকার আত্মীয় নন। ফাতিমার মতে, এই একটি সিনেমাই তার ক্যারিয়ার তথা জীবন ঘুরিয়ে দিয়েছে।
ফাতিমা বলেন, ‘এই সিনেমা আমাদের সবাইকে অনেক কিছু দিয়েছে, আমাকেও। আমি সুযোগ, স্বীকৃতি ও সম্মান পেয়েছি। এটি নিঃসন্দেহে আমার জীবন বদলে দিয়েছে।’
এই অভিনেত্রী আরও বলেন, ‘দঙ্গলের আগে পর্যন্ত আমি কেউ ছিলাম না। কিন্তু সিনেমাটির পর আমি এমন অবস্থানে পৌঁছাই, যেখানে নিজের পছন্দমতো কাজ বেছে নিতে পারতাম। এর জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব, কারণ এমন সুযোগ সচরাচর আসে না।’
বহিরাগত হয়েও কাজ পাওয়াটা অনেক বড় বিষয় বলে মনে করেন তিনি। অভিনেত্রী বলেন, ‘আউটসাইডার হিসেবে গতানুগতিক রোমান্টিক গল্প নয়, বরং সত্যিই চ্যালেঞ্জিং একটি সিনেমা পাওয়া অনেক বড় বিষয়। বিশেষ করে একটি মেয়ের জন্য শারীরিক ও মানসিকভাবে এত কঠিন চরিত্র খুব একটা লেখা হয় না। এটি ছিল জীবনে একবারই পাওয়া যায়, এমন একটি চরিত্র।’
অভিনেত্রী ফাতিমা এও জানান, সিনেমাটির প্রভাব এত ব্যাপক ছিল যে ১০ বছর পরও তার রেশ রয়ে গেছে। তাই ফাতিমার কাছে এটি এত দীর্ঘ সময় বলে মনে হয় না। এখনও অনেক পরিবার তাদের ৫-৬ বছরের সন্তানদের তার অভিনীত এই সিনেমা দেখান বলেও দাবি করেন অভিনেত্রী।
উল্লেখ্য, ২০২৫ সালে বেশ ব্যস্ত ছিলেন ফাতিমা। সে বছর মুক্তি পায় তার অভিনীত ‘মেট্রো… ইন দিনো’, ‘আপ জ্যাসা কোই’ ও ‘গুস্তাখ ইশক’ সিনেমা। আবার চলতি বছর ক্রাইম সিরিজ ‘হুংকার: দ্য রোর’ দিয়ে ওয়েব সিরিজের জগতে পা রেখেছেন তিনি। এতে তিনি পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192912