ফের ২ দিনের রিমান্ডে সাঈদ খোকন

ফের ২ দিনের রিমান্ডে সাঈদ খোকন

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় আবদুল মোতালিব নামে এক কিশোর নিহতের মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ রোববার (২৯ নভেম্বর) এ মামলায় দুই দফায় ১২ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক তাকে পুনরায় ৫ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।

আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, আদালতের আদেশে রিমান্ডে নিয়ে ডিবি কার্যালয়ে সাঈদ খোকনকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে জিজ্ঞাসাবাদে তিনি মামলার মূল রহস্য সুকৌশলে এড়িয়ে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দিয়ে ডিবি পুলিশকে বিভ্রান্ত করার এবং মামলার মোড় ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করেছেন। এ ছাড়া এজাহারনামীয় পলাতক আসামিদের অধিকাংশকে চেনেন বলে জানালেও তাদের বর্তমান অবস্থানের বিষয়টি তিনি কৌশলে এড়িয়ে গেছেন বলে উল্লেখ করা হয়।

আবেদনে আরও দাবি করা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনার সঙ্গে সাঈদ খোকনের জড়িত থাকার সত্যতা পাওয়া গেছে। বৈষম্যবিরোধী আন্দোলনে সাধারণ ছাত্র-জনতার দাবির বিরুদ্ধে তিনি কঠোর পদক্ষেপ নিয়েছিলেন এবং আন্দোলন দমনে অর্থ ও অস্ত্রের জোগানদাতা হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। মামলার তদন্তের স্বার্থে এবং তার দেওয়া তথ্যের সত্যতা নিরূপণের জন্য আবারও ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন বলে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা।

শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে রিমান্ডে নেওয়ার কারণ উল্লেখ করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করে। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নাকচ করে রিমান্ডের এ আদেশ দেন।

এর আগে গত ১৭ নভেম্বর এ মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওইদিন সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে এসআরবি। পরে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়। ৭ দিনের রিমান্ড শেষে গত ২৪ নভেম্বর তাকে আদালতে আনা হয়। পরে আবারও তাকে ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192910