আবদুল্লাহ আল মামুন থিয়েটার পদক পেলেন পূর্ণিমা
বিনোদন ডেস্ক : চলচ্চিত্রের পর্দায় দীর্ঘদিনের পথচলা চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমার। অভিনয় ক্যারিয়ারে সিনেমার পাশাপাশি কিছু নাটকেও দেখা গেছে তাকে। তবে মঞ্চনাটকে কখনও অভিনয় করা হয়নি এই অভিনেত্রীর। সেই পূর্ণিমাই এবার পেলেন ‘আবদুল্লাহ আল মামুন থিয়েটার পদক ২০২৬’। চলচ্চিত্রে অভিনয়ের স্বীকৃতি হিসেবে তাকে দেওয়া হয়েছে এই সম্মাননা।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বেইলি রোডের নীলিমা ইব্রাহিম মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে পদক তুলে দেওয়া হয়। থিয়েটার (তোপখানা)-এর আয়োজনে এবারই প্রথম দেওয়া হলো এই পদক। প্রথম আসরে পূর্ণিমাসহ সংস্কৃতি অঙ্গনের সাতজন শিল্পীকে সম্মানিত করা হয়েছে।
পুরস্কার পেয়ে আবেগাপ্লুত পূর্ণিমা জানান, ক্যারিয়ারের প্রথম দিকে বোন ও দুলাভাইয়ের সূত্রে মঞ্চে ঘুরঘুর করলেও কখনো মঞ্চনাটকে অভিনয় করেননি তিনি। প্রথম আসরেই এমন স্বীকৃতিকে দীর্ঘ পথচলার বড় প্রাপ্তি বলে মনে করছেন এই অভিনেত্রী।
এ আয়োজনে আরও সম্মানিত হয়েছেন আফসানা মিমি, নাদের চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, সালাহউদ্দিন লাভলু, শহীদুল আলম সাচ্চু ও শাহেদ শরীফ খান।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192906