স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠায় বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী 

স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠায় বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী 

ফিলিস্তিনের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ন্যায্য সংগ্রামে বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২৯ নভেম্বর) ফিলিস্তিনি জনগণের প্রতি আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষ্যে দেওয়া এক বার্তায় বাংলাদেশের এ সমর্থ‌নের কথা জানান তি‌নি।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্তের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে তার নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করছে।

তিনি বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার ও আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের ঘটনা অব্যাহত থাকায় এ দিবসের গুরুত্ব আরও বেড়েছে। যুদ্ধবিরতি সত্ত্বেও ফিলিস্তিনিদের ওপর হামলা, ইসরায়েলি বসতি সম্প্রসারণ এবং জরুরি পণ্য প্রবেশে বিধিনিষেধ একটি কার্যকর ও ভৌগোলিকভাবে সংযুক্ত ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে।

প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) পরামর্শমূলক মতামতের বিষয়েও আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী দখলদার শক্তির দায়িত্ব রয়েছে। এর মধ্যে যুদ্ধের কৌশল হিসেবে বেসামরিক জনগণকে অনাহারে রাখার নিষেধাজ্ঞাও অন্তর্ভুক্ত।

ফিলিস্তিনের জাতিসংঘের পূর্ণ সদস্যপদ নিশ্চিত এবং দখলদারত্বের অবসানের আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে সাধারণ অধিবেশনের বিতর্কে ফিলিস্তিনের প্রেসিডেন্টের পূর্বে ধারণ করা বক্তব্য উপস্থাপনের সুযোগ করে দেওয়া প্রস্তাব গৃহীত হওয়াকে স্বাগত জানান তিনি।

গাজায় জাতিসংঘের অনুমোদিত আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশন প্রতিষ্ঠার প্রতিও সমর্থন জানান তারেক রহমান। এ মিশনের সুস্পষ্ট দায়িত্বের মধ্যে বেসামরিক নাগরিকদের সুরক্ষা, বাধাহীন মানবিক সহায়তা নিশ্চিত করা এবং দ্রুত পুনরুদ্ধার ও পুনর্গঠন কার্যক্রমে সহায়তা অন্তর্ভুক্ত করার কথা বলেন তি‌নি।

প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়কে বাস্তবসম্মত ও ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে আন্তর্জাতিক অঙ্গীকারকে কার্যকর পদক্ষেপে রূপ দিতে হবে, যাতে তারা নিজস্ব স্বাধীন ভূখণ্ডে শান্তি, নিরাপত্তা, মর্যাদা ও ন্যায়বিচারের সঙ্গে বসবাস করতে পারেন। 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192900