হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি ইসরায়েলি আরব দলের
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের রাজনীতিতে নতুন সরকার গঠন নিয়ে চলছে টানাপোড়েন। এর মধ্যেই ফিলিস্তিনের স্বাধীনতাকমী সশস্ত্র গোষ্ঠী হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে স্বীকৃতি দেয়ার কথা জানিয়েছেন ইসরায়েলের আরব-অধ্যুষিত রাজনৈতিক দল রা’আমের প্রধান মানসুর আব্বাস।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল বলছে, শনিবার (২৮ নভেম্বর) রাতে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে হামাসের বিষয়ে নিজের এই অবস্থান জানান মানসুর আব্বাস। এর ফলে গাদি আইজেনকটের নেতৃত্বে সম্ভাব্য নতুন সরকারে রা’আমের যোগ দেয়ার পথে বড় একটি বাধা দূর হতে পারে। তবে এ অবস্থানের কারণে নিজের প্রাণনাশের আশঙ্কাও করছেন তিনি। মূলত আইজেনকটের নেতৃত্বাধীন জোটে যোগ দিতে হলে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দেয়াসহ চারটি শর্ত মানতে হবে। সাক্ষাৎকারে আব্বাস জানান, তিনি আইজেনকটের সব শর্তেই সম্মত।
চ্যানেল ১২ নিউজকে দেয়া সাক্ষাৎকারে আব্বাস সরাসরি মুখে হামাসকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করা এড়িয়ে যান। তবে তিনি নিশ্চিত করেন, চলতি সপ্তাহে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে উত্থাপিত একটি বিলে তার দল যৌথভাবে সমর্থন দিয়েছে। ওই বিলে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করা হয়েছে। আব্বাস নিজেও বিলটির পক্ষে ভোট দিয়েছেন। তিনি আরও বলেন, আইজেনকট তার নেতৃত্বাধীন জোটে যোগ দেয়ার জন্য যে চারটি শর্ত দিয়েছেন, সেগুলোর সবকটিতেই তিনি সম্মত। শর্তগুলো হলো—ইসরায়েলকে ইহুদি ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া, স্বাধীনতার ঘোষণাপত্রের মূল্যবোধ মেনে নেয়া, সব নাগরিকের জন্য বাধ্যতামূলক জাতীয় সেবার পক্ষে থাকা এবং হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দেয়া।
আইজেনকটের নেতৃত্বাধীন ইয়াশার পার্টি নতুন সরকার গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ জন্য তার হাতে সময় রয়েছে আর মাত্র আট দিন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সপ্তাহেই সরকার গঠনের শপথ নেয়ার প্রস্তুতি নিচ্ছেন আইজেনকট। তার চার দলের জোটে আসন রয়েছে ৪৮টি। এর সঙ্গে কট্টরপন্থি ইহুদি দল ইউনাইটেড তোরাহ জুদাইজমকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি রা’আমের সমর্থন এবং আরব নেতৃত্বাধীন জয়েন্ট লিস্টের সমর্থনকে বিকল্প হিসেবে রাখার কথা ভাবা হচ্ছে।
সাক্ষাৎকারের উপস্থাপক ডানা ওয়েইস আব্বাসকে প্রশ্ন করেন, হামাসকে সন্ত্রাসী সংগঠন বলায় তিনি কি নিজের পরিবারকে ঝুঁকির মধ্যে ফেলেছেন? এর আগে আব্বাস বলেছিলেন, হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করলে তার ও তার পরিবারের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। জবাবে আব্বাস বলেন, ‘হতে পারে।’ তার নিজের জীবন যে এখন আগের চেয়ে অনেক বেশি ঝুঁকিতে, সেটিও নিশ্চিত করেন তিনি। আব্বাস বলেন, ‘কেউ হয়তো ভাবতে পারে, সে আমাদের শত্রু। চলো, তাকে শেষ করে দিই।’
তিনি জানান, ইসরায়েলের আরব নাগরিকদের কেউ কেউ তাকে হামাসকে সন্ত্রাসী সংগঠন না বলতে অনুরোধ করছেন। আবার কেউ কেউ বলছেন, বিষয়টির ইতি টানতে এবার তার হামাসকে সন্ত্রাসী সংগঠন বলা উচিত। আইজেনকটের নেতৃত্বে গঠিত হতে যাওয়া জোটকে সমর্থন দেয়ার কারণে তাকে হত্যা করা হতে পারে—এমন আশঙ্কার কথাও জানান আব্বাস। সম্ভবত ডানপন্থি কোনো ব্যক্তি এ ধরনের হামলা চালাতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। তবে এমন পরিণতির আশঙ্কা তিনি মেনে নিয়েছেন বলেও জানান।
আব্বাস সতর্ক করে বলেন, নতুন সরকারে থাকা সবাই হামলার লক্ষ্যবস্তু হতে পারেন। প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারের নিচের পর্যায়ের কর্মকর্তারাও ঝুঁকিতে থাকবেন। এ ধরনের পরিস্থিতি ঠেকানোর উপায় হিসেবে তিনি বলেন, ‘দৃঢ় নেতৃত্ব প্রয়োজন, যাতে রাষ্ট্রীয় কর্তৃত্ব আবার দায়িত্বশীল ও রাষ্ট্রনায়কসুলভ পথে ফিরে আসে।’ সূত্র : টাইমস অব ইসরায়েল
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192887