মুশফিকের সাথে অবসরে যাচ্ছে জার্সিও

মুশফিকের সাথে অবসরে যাচ্ছে জার্সিও

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ২১ বছরের ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তির সিদ্ধান্ত নিয়েছেন মুশফিকুর রহিম। শনিবার বোর্ড সভা শেষে মুশফিকের হয়ে এই ঘোষণা দেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। 

অবসরের ঘোষণা আসার কয়েক ঘণ্টা পর জানা গেল শুধু মুশফিক নয়, তার ১৫ নম্বর জার্সিকেও অবসরে পাঠাচ্ছে বিসিবি। বোর্ডের একটি সূত্র গণমাধ্যমকে এটি নিশ্চিত করেছে। শুধু জার্সি নয়, শেরে বাংলার গ্যালারির একটি অংশের নামও হতে পারে মুশফিকের নামে।

২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় মুশফিকের। প্রায় ২২ বছর পর আগামী বছরের ফেব্রুয়ারিতে সেই ইংল্যান্ডের বিপক্ষেই ক্যারিয়ারের শেষ টেস্ট খেলবেন এই ডানহাতি ব্যাটার। শুধু ভেন্যুটাই বদলে গেছে, বিদায়টা হচ্ছে ঘরের মাঠ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আগামী বছর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ইংল্যান্ড। ১৪ ফেব্রুয়ারি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ওই ম্যাচ খেলেই টেস্ট তথা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন মুশফিক।

বাংলাদেশ ক্রিকেটে মাঠ থেকে বিদায়ের নজির কম। তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদরা অবসর নিয়েছেন ফেসবুক স্ট্যাটাস দিয়ে। তবে তামিম নিজে মুশফিকের বিদায় স্ট্যাটাস নয় মাঠ থেকে নিশ্চিত করেছেন। শনিবার ছিল বিসিবির বোর্ড সভা। সেখানে অনেকগুলো আলোচ্য বিষয়ের মধ্যে একটি ছিল মুশফিকের জার্সিকেও অবসর দেওয়া। বিসিবির একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, সভায় প্রস্তাব দেওয়া হয়েছে মুশফিক অবসরের পর ১৫ নম্বর জার্সিকেও অবসরে পাঠানোর। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও বোর্ড পরিচালকরা এটা নিয়ে ইতিবাচক বলেই জানা গেছে।

শুধু তাই নয়, মুশফিকের অবসরের পর মিরপুরের কোনো একটি গ্যালারি তার নামে করার পরিকল্পনা করছে বিসিবি। তবে চাইলেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছে না বোর্ড। শেরেবাংলা স্টেডিয়ামটি জাতীয় ক্রীড়া পরিষদের অধীন হওয়ায় গ্যালারির নামকরণের জন্য তাদের অনুমতি প্রয়োজন। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে দেশের প্রধান ক্রিকেট ভেন্যুতে স্থায়ীভাবে জায়গা পাবে মুশফিকের নাম। বিশ্বের বিভিন্ন খেলায় কিংবদন্তিদের সম্মানে জার্সি তুলে রাখার রীতি আছে। তবে বাংলাদেশের ক্রিকেটে এখন পর্যন্ত এমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। মুশফিকুর রহিমের বিদায়কে স্মরণীয় করে রাখতে এবার সেই ধারায় নতুন অধ্যায় যোগ করতে যাচ্ছে বিসিবি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192882