কোপা লিবার্তাদোরেসের শিরোপা জিতল ব্রাজিলের পালমেইরাস

কোপা লিবার্তাদোরেসের শিরোপা জিতল ব্রাজিলের পালমেইরাস

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলে আর্জেন্টিনার ক্লাব এস্তুদিয়ানতেসকে ১-০ গোলে হারিয়ে ২০২৬ সালের কোপা লিবার্তাদোরেসের শিরোপা জিতেছে ব্রাজিলের পালমেইরাস। স্থানীয় সময় শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যার এই জয়ের মধ্য দিয়ে মহাদেশীয় ক্লাব প্রতিযোগিতাটিতে নতুন এক ইতিহাস গড়েছে ব্রাজিল। খবর : গোল ডটকম।

এবারের শিরোপা জয়ের ফলে কোপা লিবার্তাদোরেসে ব্রাজিলের সবচেয়ে সফল ক্লাব হিসেবে ফ্লামেঙ্গোর সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠে এসেছে পালমেইরাস। দুই দলেরই শিরোপাসংখ্যা এখন চারটি। তবে শুধু পালমেইরাসের সাফল্যই নয়, এবারের শিরোপা ব্রাজিলিয়ান ফুটবলের জন্য আরও বড় এক অর্জন। ২০১৯ থেকে ২০২৬; টানা আট আসরেই কোপা লিবার্তাদোরেসের শিরোপা জিতেছে ব্রাজিলের কোনো না কোনো ক্লাব। প্রতিযোগিতাটির ইতিহাসে এর আগে কোনো দেশ টানা এতবার চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়তে পারেনি। 

পরিসংখ্যানভিত্তিক জনপ্রিয় অ্যাকাউন্ট ‘মিস্টার চিপ’-এর তথ্য অনুযায়ী, আর্জেন্টাইন ক্লাবগুলোও কখনো টানা আটবার শিরোপা জিততে পারেনি। তাদের সর্বোচ্চ সাফল্য টানা চার আসরে চ্যাম্পিয়ন হওয়া, যা তারা দুবার করে দেখিয়েছে। প্রথমবার ১৯৬৭ থেকে ১৯৭০ সালে, দ্বিতীয়বার ১৯৭২ থেকে ১৯৭৫ সালে। উরুগুয়ের ক্লাবগুলোও দুবার টানা দুই আসরে শিরোপা জিতেছে। ১৯৬০ ও ১৯৬১ সালে এবং ১৯৮৭ ও ১৯৮৮ সালে এসেছে সেই সাফল্য। অন্যদিকে প্যারাগুয়ে, কলম্বিয়া, চিলি ও ইকুয়েডরের ক্লাবগুলোও লিবার্তাদোরেস জিতেছে, তবে কোনো দেশই টানা দুই আসরে শিরোপা ধরে রাখতে পারেনি।

ব্রাজিলের সাফল্যের বিপরীতে আর্জেন্টাইন ক্লাবগুলোর জন্য সময়টা বেশ হতাশার। ২০১৯ থেকে ২০২৬; টানা আট আসর ধরে কোপা লিবার্তাদোরেসের শিরোপা জিততে পারেনি দেশটির কোনো ক্লাব। প্রতিযোগিতাটির ইতিহাসে এটিই আর্জেন্টিনার সবচেয়ে দীর্ঘ শিরোপা-খরা। ‘মিস্টার চিপ’-এর পরিসংখ্যান বলছে, এর আগে আর্জেন্টিনার ক্লাবগুলোর শিরোপা-খরা ছিল টানা সাত আসরের। ১৯৮৭ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত চলা সেই সময়ে রিভার প্লেট ও ভেলেজ সার্সফিল্ডের মতো ক্লাবও শিরোপা জিততে পারেনি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192879