মিয়ানমারে বিয়ের বাড়িতে জান্তার বিমান হামলায় নিহত অন্তত ১৭
আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের একটি সংঘাতপূর্ণ এলাকায় বিয়ের আয়োজন চলার সময় দেশটির সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। শনিবার (২৮ নভেম্বর) শান ও কারেন্নি রাজ্যের সীমান্তবর্তী মো বাই এলাকার একটি গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে, প্রত্যক্ষদর্শীর ধারণ করা ভিডিওতে হামলার পর রক্তাক্ত আহতদের চিকিৎসার জন্য সরিয়ে নিতে দেখা গেছে। এছাড়া স্থানীয় গ্রামবাসীদের তোলা ছবিতে অন্তত ছয়জনের মরদেহ দেখা গেছে, যাদের মধ্যে একজন নারী ও একজন শিশু রয়েছে। তবে ছবি ও ভিডিওগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এএফপি।
হামলার শিকার এলাকাটিতে বিপুলসংখ্যক অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষ বসবাস করেন। মো বাই শহরটি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও এর বাইরের গ্রাম ও গ্রামীণ এলাকাগুলোতে বিদ্রোহী গোষ্ঠীগুলো সক্রিয় রয়েছে।
ঘটনার বর্ণনা দিয়ে ওই প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেন, ‘আমি কাছাকাছি বিমান ওড়ার শব্দ শুনেছিলাম, কিন্তু ভাবিনি তারা আমাদের এলাকায় বোমা ফেলবে। আমি ঘরের ভেতরে যাওয়ার পরপরই বিকট বিস্ফোরণের শব্দ পাই এবং বিমান হামলার জায়গায় প্রচুর ধোঁয়া দেখতে পাই।’ তিনি আরও জানান, বাস্তুচ্যুত দুজন মানুষের বিয়ের প্রস্তুতি চলছিল এমন একটি বাড়িতে বোমাটি আঘাত হানে। বিস্ফোরণের পর তিনি সাহায্যের জন্য ঘটনাস্থলে ছুটে যান এবং সেখানে ১৭টি মরদেহ ও বহু আহত মানুষকে পড়ে থাকতে দেখেন।
উল্লেখ্য, ২০২১ সালে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকেই মিয়ানমারে ভয়াবহ গৃহযুদ্ধ চলছে। সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডি-এর তথ্যমতে, এই গৃহযুদ্ধে এখন পর্যন্ত সব পক্ষ মিলিয়ে ১ লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। সূত্র : এএফপি
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192874