প্রথমে আইজেনকট প্রধানমন্ত্রী শর্তেও জোট সরকার গঠনে একমত নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলে জাতীয় জোট সরকারের অংশ হিসেবে বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোটের প্রথমে প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টিতে একমত হয়েছে বেঞ্জামিন নেতানিয়াহু। শনিবার (২৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সে এ কথা জানায়।
এতে নেতানিয়াহু জানায়, একজন নেতা হিসেবে আমার দায়িত্বের কারণে সবচেয়ে বড় দলের আদর্শের পাশাপাশি সবকিছুই এখন একপাশে সরিয়ে রাখাটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। সে বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে প্রাথমিকভাবে দায়িত্ব পালনে প্রস্তুত বলেও জানায় নেতানিয়াহু।
ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সরকার গঠনের জন্য চলতি মাসের শুরুর দিকে আইজেনকটকে ২৮ দিনের সময় বেঁধে দেয়। এরপর আইজেনকট তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে সমঝোতার আহ্বান জানায়। এর আগে, শুক্রবার আইজেনকট নেতানিয়াহুর ডানপন্থি লিকুদ পার্টির বিরুদ্ধে ৬ ডিসেম্বরের ডেডলাইনের মধ্যে সরকার গঠনের আলোচনায় কালক্ষেপণের অভিযোগ আনে। অন্য তিনটি বিরোধী ইহুদি দলসহ আইজেনকটের মধ্যপন্থি ইয়াশার পার্টি অক্টোবরের নির্বাচনে ৪৮টি আসনে জয়লাভ করেছে। নির্বাচনে নেতানিয়াহুর ব্লক ৫৩টি আসন পায়। এতে করে দুই ব্লকের কেউই ১২০ আসনের নেসেটে সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারেনি।
দেশটির প্রেসিডেন্ট জানিয়েছে, সাবেক সেনাপ্রধান আইজেনকটকে সরকার গঠনের আহ্ববান জানানোর আগে সে নির্বাচনের পরের সপ্তাহে সবগুলো রাজনৈতিক দলের সঙ্গেই কথা বলেছে। ইসরায়েলের সাম্প্রতিক এ নির্বাচনে ইউনাইটেড আরব লিস্ট ও জয়েন্ট লিস্ট নামে দুটি আরব সংখ্যাগরিষ্ঠ ব্লক যৌথভাবে ১৯টি আসনে জয় পায়, যা ছিল ইসরায়েলের নির্বাচনে এক অভূতপূর্ব ঘটনা। এতে করে ব্লক দুটি সম্ভাব্য ‘কিংমেকার’ হিসেবে আবির্ভূত হয়। তবে, নির্বাচনের আগে একটি বাদে বাকি সব ইহুদি দলই সরকার গঠনে তাদের সঙ্গে কাজ না করার ব্যাপারে দৃঢ় অবস্থান ব্যক্ত করে।
এদিকে, সরকার গঠনে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে আইজেনকট অনেকটাই এগিয়ে গেছে। ইসরায়েল বেতেনু পার্টি ও দ্য ডেমোক্র্যাটস তার দলের সঙ্গে জোট গঠনে রাজি হয়েছে। সূত্র : বিবিসি
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192872