বাজারে স্যালাইন সংকট ভোগান্তিতে রোগীরা
শেখ শাহরিয়ার হোসেন : রোগীর হাতে স্যালাইনের বোতল ঝুলছে, চিকিৎসকের ব্যবস্থাপত্রে লেখা প্রয়োজনীয় আইভি ফ্লুইডের নাম। কিন্তু হাসপাতালের বাইরে ওষুধের দোকানগুলোতে ঘুরেও সেই স্যালাইন (আইভি ফ্লুইড) মিলছে না। কোথাও এক লিটার পাওয়া যাচ্ছে না, কোথাও ৫০০ মিলিলিটারের বোতলও সীমিত। আর শিশুদের জন্য প্রয়োজনীয় বেবি স্যালাইন খুঁজতে গিয়ে অনেক অভিভাবককে পড়তে হচ্ছে আরও বেশি বিপাকে।
রোগীর চিকিৎসার জন্য জরুরি ওষুধ কিনতে এসে দোকানে দোকানে ঘুরে বেড়ানো এখন অনেকের অভিজ্ঞতা। ডেঙ্গুসহ নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা মানুষের চাপ বাড়ছে। এর সঙ্গে বাজারে শিরায় প্রয়োগের তরল স্যালাইনের সরবরাহ ঘাটতি নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় স্যালাইন সংগ্রহ করতে না পেরে রোগীর স্বজনদের একদিকে চিকিৎসা নিয়ে দুশ্চিন্তা, অন্যদিকে দোকানে দোকানে খোঁজার ভোগান্তি পোহাতে হচ্ছে। কোথাও সীমিত পরিমাণে মিললেও প্রয়োজনের তুলনায় কম কিনে ফিরতে হচ্ছে অনেককে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যেও চাহিদা ও মজুতের মধ্যে বড় ব্যবধান দেখা গেছে।
চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত সারাদেশে আইভি ফ্লুইডের চাহিদা ৬৯ লাখ ৫৩ হাজার ৯৫০ লিটার। বিপরীতে মজুত রয়েছে ২৫ লাখ ৪৭ হাজার ৫৩০ লিটার। ফলে চাহিদার তুলনায় মজুত অনেক কম, যা সরবরাহ পরিস্থিতি নিয়ে প্রশ্ন তৈরি করছে। রাজধানীর ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের আশপাশের ওষুধের দোকান ঘুরে স্যালাইন সংগ্রহে এমন ভোগান্তির চিত্র দেখা গেছে। বিশেষ করে ৫০০ মিলিলিটার ও এক লিটারের আইভি ফ্লুইড এবং শিশুদের জন্য ব্যবহৃত বেবি স্যালাইন কিনতে গিয়ে সমস্যায় পড়ছেন রোগীর স্বজনরা। কোনো দোকানে না পেয়ে অন্য দোকানে ছুটছেন তারা। দীর্ঘ সময় খোঁজার পরও প্রয়োজনীয় স্যালাইন না পাওয়ার ঘটনাও ঘটছে।
ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ভাইকে ভর্তি করিয়েছেন সামিউল হাসান সামি। চিকিৎসার জন্য এক লিটার আইভি ফ্লুইড দরকার হলেও আশপাশের দোকানে খুঁজে পাচ্ছিলেন না তিনি। পরে একটি দোকানে ৫০০ মিলিলিটারের বোতল পেয়ে সেটি নিয়েই ফিরতে হয় তাকে।
সামিউল বলেন, আমার ভাই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। এক লিটার স্যালাইন প্রয়োজন ছিল। অনেক দোকানে খোঁজ করেও পাননি। শেষ পর্যন্ত একটি দোকানে ৫০০ মিলিলিটারের স্যালাইন পেয়ে সেটি কিনেছি। আপাতত অর্ধেক পরিমাণ নিয়েই ফিরতে হয়েছে।
শুধু ডেঙ্গু রোগীর ক্ষেত্রেই নয়, ডায়রিয়ায় আক্রান্ত শিশুর চিকিৎসার জন্য প্রয়োজনীয় স্যালাইন সংগ্রহেও বিপাকে পড়ছেন অভিভাবকরা। সন্তানের জন্য বেবিসল জুনিয়র স্যালাইন খুঁজতে গিয়ে একাধিক দোকানে ঘুরেও না পাওয়ার কথা জানিয়েছেন শাহিনুর ইসলাম। তিনি বলেন, আশপাশের দোকানগুলোতে স্যালাইন নেই বলে জানানো হচ্ছে। দীর্ঘদিন ধরে সরবরাহ বন্ধ থাকার কথা বলছেন দোকানিরা। সন্তানের চিকিৎসার প্রয়োজনে বেশি দাম দিয়েও কিনতে রাজি হলেও কোথাও পাওয়া যাচ্ছে না।
হাসপাতালের পাশের ইমন ফার্মেসির বিক্রয়কর্মী সিরাজুল ইসলাম বলেন, প্রায় দেড় মাস ধরে আইভি ফ্লুইডের সরবরাহ স্বাভাবিক নেই। মাঝেমধ্যে কিছু স্যালাইন এলেও পরিমাণ খুবই কম। তবে এখন পর্যন্ত দাম বাড়েনি বলে জানান তিনি। একই পরিস্থিতির কথা জানিয়েছেন জাকির ফার্মেসির বিক্রয়কর্মী সুমন হোসেন।
তিনি বলেন, বলেন, উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো থেকে নিয়মিত স্যালাইন না আসায় চাহিদা অনুযায়ী রোগীর স্বজনদের সরবরাহ করা যাচ্ছে না। বর্তমানে তাদের দোকানে কোনো স্টক নেই। আগে বেশি পরিমাণে কিনে রেখেছিলেন এমন দোকানে খোঁজ করলে স্যালাইন পাওয়া যেতে পারে বলে জানান তিনি।
চিকিৎসা সংশ্লিষ্টরা বলছেন, রোগীর অবস্থা ও চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী আইভি ফ্লুইড ব্যবহারের প্রয়োজন হয়। ডেঙ্গু ছাড়াও বিভিন্ন রোগ ও জটিলতায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় এটি গুরুত্বপূর্ণ। ফলে বাজারে সরবরাহ বিঘ্নিত হলে রোগী ও স্বজনদের দুর্ভোগ বাড়ার পাশাপাশি চিকিৎসা ব্যবস্থাপনায়ও সমস্যা তৈরি হতে পারে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192864