রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ আমন্ত্রণ জানানো হয়েছে ১৮টি দলকে। টানা তিন দিন ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে ইসির। রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে শুরু হয় সংলাপ। এর আগে সকাল থেকে একে একে নির্বাচন ভবনে আসেন রাজনৈতিক দলের নেতারা।
সংলাপে রাজনৈতিক দলের কাছে সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়তা চাওয়া হবে বলে জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, রোববার থেকে পরপর তিন দিন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আমরা মতবিনিময় করব। এরপর আইনশৃঙ্খলা বিষয়েও একটি সভা অনুষ্ঠিত হবে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, গত ১৬ নভেম্বর নির্বাচন কমিশন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের পাঁচ ধাপের পরিকল্পনা প্রকাশ করে। পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে দেশের ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় ধাপে ১১৯টি উপজেলার ১ হাজার ১১৩টি ইউনিয়ন, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি ইউনিয়ন, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি ইউনিয়ন এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সব মিলিয়ে পাঁচ ধাপে দেশের ৪৯৮টি উপজেলার ৪ হাজার ২৯০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192861