শান্ত শিল্পাঞ্চলে ফিরল স্বস্তি

শান্ত শিল্পাঞ্চলে ফিরল স্বস্তি

করতোয়া ডেস্ক : মজুরি বৃদ্ধি ও শ্রমিকদের দাবি-দাওয়া ঘিরে সাম্প্রতিক অস্থিরতার পর দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে পরিস্থিতি এখন অনেকটাই শান্ত। মজুরি বৃদ্ধির পর গাজীপুর, সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ ও রাজধানীর মিরপুরসহ বিভিন্ন শিল্প এলাকায় পোশাক কারখানার শ্রমিকরা কাজে ফিরেছেন। অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক ধারায় ফিরতে শুরু করায় তৈরি পোশাক খাতে স্বস্তি দেখা দিয়েছে।

এক সময় শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, কর্মবিরতি, কারখানা বন্ধ ও নিরাপত্তা উদ্বেগে অস্থির হয়ে ওঠা শিল্পাঞ্চলগুলোতে এখন তুলনামূলক শান্ত পরিবেশ বিরাজ করছে। শ্রমিকদের কাজে যোগদান, কারখানা খোলা রাখা এবং উৎপাদন চালু থাকায় শিল্প মালিকদের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে। একই সঙ্গে শ্রমিকদের মধ্যে কর্মস্থলে ফেরার প্রবণতা বাড়ায় শিল্পাঞ্চলগুলোর সার্বিক পরিস্থিতি আগের তুলনায় স্থিতিশীল হয়েছে।

মজুরি বোর্ডের সিদ্ধান্তে পরিস্থিতির উন্নতি: শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে নভেম্বরের শুরু থেকে বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ, কর্মবিরতি, সড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এর প্রভাব পড়ে পোশাক উৎপাদনে। গাজীপুর, সাভার, আশুলিয়া ও মিরপুরের বিভিন্ন কারখানায় উৎপাদন বন্ধ বা বিঘ্নিত হয়। পরিস্থিতি সামাল দিতে সরকার মজুরি বোর্ড গঠন করে। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন মজুরি কাঠামো ঘোষণার পর শ্রমিকদের মধ্যে কাজে ফেরার প্রবণতা বাড়ে। শ্রমিক সংগঠনগুলোর
পক্ষ থেকেও পরিস্থিতি স্বাভাবিক রাখতে কর্মস্থলে ফেরার আহ্বান জানানো হয়। কারখানা মালিকদের পক্ষ থেকেও উৎপাদন চালু রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। ফলে কয়েকদিনের অস্থিরতার পর শিল্পাঞ্চলগুলোতে পরিস্থিতি ক্রমেই স্বাভাবিক হতে থাকে।

গাজীপুরে স্বাভাবিক উৎপাদন: দেশের অন্যতম বৃহৎ পোশাক শিল্পাঞ্চল গাজীপুরে এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। কোনাবাড়ী, চন্দ্রা, শ্রীপুর, টঙ্গী, ভোগড়া, বোর্ডবাজার, বাসন, শফিপুরসহ বিভিন্ন শিল্প এলাকায় অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। উৎপাদন কার্যক্রমও চলছে স্বাভাবিকভাবে।

শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, গতকাল শনিবার গাজীপুরের সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক ছিল। তবে শ্রীপুরের বাংলাবাজার ও মাস্টারবাড়ি এলাকার কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। বিচ্ছিন্ন কিছু কারখানায় শ্রমিকদের দাবি-দাওয়া বা বেতন পরিশোধ নিয়ে সমস্যা দেখা দিতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তবে এসব ঘটনা সামগ্রিক পরিস্থিতির প্রতিফলন নয়
বলে শিল্প পুলিশ জানিয়েছে।

সাভার-আশুলিয়ায় শ্রমিকদের কর্মস্থলে ফেরা : সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলেও পরিস্থিতির উন্নতি হয়েছে। কয়েকদিন ধরে চলা শ্রমিক অসন্তোষ, কর্মবিরতি ও বিক্ষোভের পর অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকরা কাজে ফিরেছেন। উৎপাদন কার্যক্রম সচল রয়েছে। শিল্প পুলিশের কর্মকর্তাদের মতে, আশুলিয়ায় কয়েকদিন ধরেই পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। সাভারের বিভিন্ন কারখানায় শ্রমিকরা কাজে যোগ দেওয়ায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক ধারায় ফিরেছে। শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি অব্যাহত রয়েছে।

নারায়ণগঞ্জে নেই বড় ধরনের অস্থিরতা: নারায়ণগঞ্জের ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও আশপাশের পোশাক শিল্প এলাকাগুলোতেও পরিস্থিতি তুলনামূলক শাস্ত্র রয়েছে। শ্রমিকরা কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের পর শিল্পাঞ্চলে নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে। শিল্প পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নারায়ণগঞ্জসহ অন্যান্য শিল্পাঞ্চলে বড় ধরনের কোনো সমস্যা দেখা যায়নি। শ্রমিকদের কর্মস্থলে উপস্থিতি ও উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে।

মিরপুরেও স্বস্তি: রাজধানীর মিরপুরের পোশাক শিল্প এলাকাগুলোতেও পরিস্থিতি স্বাভাবিক। শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে সাম্প্রতিক বিক্ষোভ ও কর্মবিরতির পর অধিকাংশ কারখানায় শ্রমিকরা কাজে ফিরেছেন। উৎপাদন ও সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। মজুরি কাঠামো ঘোষণার পর শ্রমিকদের কর্মস্থলে ফেরার প্রবণতা বাড়ায় মিরপুরের শিল্পাঞ্চলেও স্বস্তি ফিরে এসেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। 

রপ্তানি খাতে স্বস্তির বার্তা: বাংলাদেশের তৈরি পোশাক শিল্প দেশের রপ্তানি আয়ের প্রধান উৎস। এই খাতে অস্থিরতা দেখা দিলে উৎপাদন, বিদেশি ক্রেতাদের অর্ডার, সময়মতো পণ্য সরবরাহ এবং শ্রমিকদের কর্মসংস্থানের ওপর প্রভাব পড়ে। সাম্প্রতিক শ্রমিক অসন্তোষে বিভিন্ন কারখানার উৎপাদন ব্যাহত হওয়ায় উদ্যোক্তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। এখন অধিকাংশ কারখানায় শ্রমিকদের উপস্থিতি ও উৎপাদন কার্যক্রম স্বাভাবিক হওয়ায় সেই উদ্বেগ অনেকটাই কমেছে। শিল্পাঞ্চল শান্ত থাকায় সময়মতো রপ্তানি পণ্য উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করার সুযোগ তৈরি হয়েছে। তবে মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত বাস্তবায়ন, নিয়মিত বেতন পরিশোধ, শ্রমিকদের কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করা এবং শ্রমিক-মালিকদের মধ্যে আস্থার সম্পর্ক বজায় রাখাই এখন শিল্পাঞ্চলে স্থিতিশীলতা ধরে রাখার মূল চ্যালেঞ্জ। 

সাম্প্রতিক অস্থিরতার পর দেশের প্রধান পোশাক শিল্পাঞ্চলগুলোতে শ্রমিকদের কাজে ফেরা এবং উৎপাদন স্বাভাবিক হওয়া শিল্প খাতের জন্য ইতিবাচক বার্তা। এই শান্ত পরিবেশ দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উৎপাদন ও রপ্তানি কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192854