অস্তিত্বের সংকটে বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল
নিজ ভূখন্ডেই অস্তিত্বের সংকটে বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল। মিষ্টি শিস আর চঞ্চল স্বভাবের এই পাখিটি হারিয়ে যেতে বসেছে দেশের চিরচেনা নিসর্গ থেকে।
একসময় ভোরের আলো ফোটার সাথে সাথেই মিষ্টি শিস দিয়ে বাংলার প্রকৃতিকে জাগিয়ে তুলত যে ছোট্ট পাখিটি, সেটিই আমাদের জাতীয় পাখি দোয়েল। সাদা-কালো পালকের চঞ্চল স্বভাবের এই পাখিটি ছিল বাংলার আবহমান প্রকৃতি ও লোকসংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। বর্তমান সময়ে এসে সেই চেনা সুর এবং পাখিটি উভয়ই প্রকৃতি থেকে দ্রুত হারিয়ে যাচ্ছে, আজ প্রকৃতিতে তার দেখা মেলা ভার। দোয়েল এখন দেশজুড়ে এক সংকটাপন্ন প্রজাতিতে পরিণত হয়েছে।
পরিবেশবিদ ও পাখি গবেষকদের মতে, অপরিকল্পিত নগরায়ণ, নির্বিচারে গাছপালা কাটা আর ফসলি জমিতে অতিরিক্ত কীটনাশকের ব্যবহারে আমাদের জাতীয় পাখির সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে। কীটনাশক প্রয়োগের ফলে দোয়েলের প্রধান খাদ্য কীটপতঙ্গ ও পোকামাকড় ধ্বংস হয়ে যাচ্ছে, যার ফলে পাখিগুলো তীব্র খাদ্যসংকটে পড়ে অকালেই প্রাণ হারাচ্ছে।
আজকের শিশুরা সাধারণ জ্ঞানের খাতায় 'জাতীয় পাখির নাম দোয়েল' মুখস্থ করলেও, বাস্তবে চোখে দেখে না বললেই চলে।
স্বাধীনতার পর দেশের অসংখ্য পাখির ভিড়ে বিশিষ্ট প্রাণিবিজ্ঞানী ও গবেষকদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে মূলত পাঁচটি প্রধান কারণ বিবেচনা করে দোয়েলকে জাতীয় পাখির মর্যাদা দেওয়া হয়েছিল।
প্রথমত, দোয়েল দেশের প্রায় সব অঞ্চলেই সহজে দেখা যায়। গ্রাম, শহর, পাহাড় কিংবা বনাঞ্চল-সব জায়গাতেই এদের অবাধ বিচরণ ছিল। ফলে দেশের সকল শ্রেণি-পেশার মানুষের কাছে এটি অত্যন্ত পরিচিত ও আপন একটি পাখি।
দ্বিতীয়ত, জাতীয় পাখি নির্বাচনের সময় দেখা গিয়েছিল, বিশ্বের অন্য কোনো দেশ দোয়েলকে তাদের জাতীয় পাখি হিসেবে গ্রহণ করেনি। ফলে আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের নিজস্ব ও স্বতন্ত্র প্রতীক হিসেবে এটি অনন্য হয়ে ওঠে।
তৃতীয়ত, সাধারণত বনের পাখি শহরে টিকতে পারে না, আবার শহরের পাখি বনে মানিয়ে নিতে পারে না। কিন্তু দোয়েল কোলাহলপূর্ণ জনবসতি এবং নির্জন বন উভয় পরিবেশেই সমানভাবে খাপ খাইয়ে টিকে থাকতে পারে।
চতুর্থত, দোয়েলের গানের গলা অত্যন্ত মিষ্টি। ভোরবেলায় এর সুমধুর শিস যেমন মন কাড়ে, তেমনি সাদা-কালো পালক ও লম্বা লেজ উঁচিয়ে লাফিয়ে বেড়ানোর চঞ্চল ভঙ্গি একে এক অনন্য নান্দনিকতা দান করেছে।
পঞ্চমত, দোয়েল মূলত পতঙ্গভুক পাখি। এরা ফসলের ক্ষতিকর পোকামাকড় খেয়ে কৃষকের উপকার করে এবং প্রকৃতির পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বাংলার ঐতিহ্যের সাথে মিশে থাকা জাতীয় এই পাখির সম্মানার্থে রাজধানী ঢাকায় নির্মিত হয়েছে ঐতিহ্যবাহী দোয়েল চত্বর। এছাড়া বাংলাদেশের দুই টাকার নোটেও এর ছবি যুক্ত করে একে জাতীয় জীবনে চিরস্থায়ী মর্যাদা দেওয়া হয়েছে। তবে বাংলাদেশের জাতীয় পাখি হলেও দোয়েলের বিচরণ কেবল এই ভূখন্ডেই সীমাবদ্ধ নয়। আন্তর্জাতিক পাখিবিষয়ক সংস্থা বার্ডলাইফ ইন্টারন্যাশনালের তথ্যমতে, বাংলাদেশ ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আরও প্রায় ১৫টি দেশে এই পাখিটি দেখা যায়।
দোয়েল দৈর্ঘ্যে প্রায় ২০ সেন্টিমিটার এবং ওজনে প্রায় ৪০ গ্রাম হয়ে থাকে। পুরুষ দোয়েলের শরীরের উপরিভাগ ও গলার নিচে কালো রঙের এবং পেট সাদা হয়: ডানার দুই পাশে সাদা রঙের ছোপ (প্যাচ) থাকে। অন্যদিকে, স্ত্রী দোয়েলের উপরিভাগ ও গলার নিচে ছাই-রঙা হয় এবং পেটের অংশ পুরুষ দোয়েলের মতো উজ্জ্বল নয়, কিছুটা ফিকে সাদা। মার্চ থেকে জুলাই দোয়েলের প্রজননকাল। এ সময় গাছের গর্ত, দেয়াল বা পাইপের ফাঁকে ঘাস-পাতা দিয়ে বাসা তৈরি করে এরা সবুজ রঙের ৪-৫টি ডিম দেয়, যা থেকে ১২-১৩ দিনের মধ্যে ছানা বের হয়।
দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান এবং শ্রীলঙ্কায় দোয়েলের অবাধ বিচরণ রয়েছে। এছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়ার মিয়ানমার, থাইল্যান্ড মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম ফিলিপাইনেও প্রচুর পরিমাণে দোয়েল পাওয়া যায়। পূর্ব এশিয়ার চীনের দক্ষিণাঞ্চল এবং তাইওয়ানেও এই পাখিটির উপস্থিতি রয়েছে। অঞ্চলভেদে বিভিন্ন দেশে পাখিটি ভিন্ন ভিন্ন স্থানীয় নামে পরিচিত। যেমন, ভারতে এটি 'দাহিয়াল' শ্রীলঙ্কায় 'পোলকিচ্চা' এবং দক্ষিণ থাইল্যান্ডে 'বিনলা' নামে পরিচিত।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192853