যুবদল নেতাকে কুপিয়ে জখম, সাবেক এমপিসহ চার বাড়িতে আগুন

যুবদল নেতাকে কুপিয়ে জখম, সাবেক এমপিসহ চার বাড়িতে আগুন

নেত্রকোনার পূর্বধলায় যুবদল নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার পর উপজেলার বিভিন্ন এলাকায় সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতাদের বাড়িসহ অন্তত চারটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের পুটিকা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত যুবদল নেতার নাম আবু বকর রানা।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে ছাত্রলীগের পূর্বধলা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী পুটিকা বাজারে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাঁদের বাধা দেন। একপর্যায়ে আবু বকর রানার ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয় বলে অভিযোগ উঠেছে।

এরপর উপজেলার বড়রুহী এলাকায় যুবলীগ নেতা রফিকুল ইসলামের বাড়িতে আগুন দেওয়া হয়। পরে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেনের ধলা যাত্রাবাড়ী গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত আমানুর রশীদ খান জুয়েলের বাড়িসহ অন্তত চারটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, যুবদল নেতার ওপর অতর্কিত হামলার পর এসব ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

আহত আবু বকর রানাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বাড়িঘরে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192847