প্যারোলে মুক্তির জন্য আবেদন করেনি যুবলীগ নেত্রী শর্মীর পরিবার: রাশেদ খাঁন

প্যারোলে মুক্তির জন্য আবেদন করেনি যুবলীগ নেত্রী শর্মীর পরিবার: রাশেদ খাঁন

যুবলীগ নেত্রী শারমিন সুলতানার সন্তানের মৃত্যুর পর তাঁকে প্যারোলে মুক্তি দিতে পরিবারের পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খান। শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নিজের ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে রাশেদ খান শারমিন সুলতানার প্রতিবন্ধী ছেলে তুর্যের মৃত্যুতে শোক প্রকাশ করে তার আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি জানান, শারমিন গ্রেপ্তারের পর তাঁর প্রতিবন্ধী সন্তানের বিষয়টি জানাজানি হলে সাধারণ মানুষের পাশাপাশি বিএনপির অনেক নেতাকর্মীও তাঁর জামিনের দাবিতে লেখালেখি করেছিলেন। তবে আওয়ামী লীগের নৈরাজ্যের কারণে পরবর্তী সময়ে বিষয়টি আর আলোচনায় আসেনি।

তুর্যের মৃত্যুর ঘটনায় তিনিও ব্যক্তিগতভাবে ব্যথিত বলে উল্লেখ করেন রাশেদ খান। প্যারোলে মুক্তি না দেওয়ার বিষয়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতে তিনি গাজীপুরের জেলা প্রশাসকের (ডিসি) সঙ্গে কথা বলেন।

ডিসির বরাত দিয়ে তিনি জানান, শারমিন সুলতানার প্যারোলে মুক্তির জন্য কোনো আবেদন বা ফোনকল পাননি জেলা প্রশাসন। এমনকি তাঁর স্বামী বা পরিবারের কেউ সন্তানের মৃত্যুর বিষয়টি জানিয়ে মুক্তির আবেদন করেননি। পরিবারের পক্ষ থেকে লাশ কারাফটকে নেওয়ার পরও সিনিয়র জেলারের মাধ্যমে বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়নি বলে তাঁকে অবহিত করা হয়েছে। তবে আইন অনুযায়ী, কোনো বন্দিকে তাঁর পরিবারের সদস্যের মরদেহ দেখানোর এখতিয়ার সিনিয়র জেলারের রয়েছে।

রাশেদ খান আরও দাবি করেন, প্যারোলে মুক্তির বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ ছিল না। গণমাধ্যমে খবর প্রকাশের পরই বিষয়টি সরকারের নজরে আসে। পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে এবং তা প্রত্যাখ্যান করা হলে সরকারকে দায়ী করার সুযোগ থাকত বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, গোপালগঞ্জের মতো পরিস্থিতিতেও সরকার ধৈর্যের সঙ্গে মোকাবিলা করছে। সেখানে সন্তানের মৃত্যুতে একজন মাকে প্যারোলে মুক্তি দেওয়া হবে না, এমনটি হওয়ার কথা নয়। সরকার মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল বলেও উল্লেখ করেন তিনি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192846