কলকাতায় মমতার দলের সদর দপ্তর সিলগালা

কলকাতায় মমতার দলের সদর দপ্তর সিলগালা

আন্তর্জাতিক ডেস্ক : কলকাতার টপসিয়া এলাকায় তৃণমূল কংগ্রেসের (টিএমসি) নির্মাণাধীন নতুন সদর দপ্তর সিলগালা করেছে পুলিশ। ভবনটিতে রাজনৈতিক সভা, সমাবেশ ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এ ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল শিবির।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে কলকাতা পৌর করপোরেশনের (কেএমসি) নিরাপত্তাসংক্রান্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়।

পুলিশ সূত্র জানায়, নির্মাণাধীন ভবনে রাজনৈতিক সভা হচ্ছে—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন পোস্ট দেখার পর পৌর করপোরেশন আনন্দপুর থানায় অভিযোগ করে। ভবনটির নির্মাণকাজ শেষ হয়নি এবং ব্যবহারের জন্য প্রয়োজনীয় সমাপ্তি সনদও পাওয়া যায়নি। এ অবস্থায় লোকসমাগম হলে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে জানায় পৌর কর্তৃপক্ষ।

অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে বিপুলসংখ্যক পুলিশ সদস্য ভবনটিতে গিয়ে প্রবেশপথে ব্যারিকেড দেন। নির্মাণকাজে নিয়োজিত কর্মী ছাড়া অন্যদের প্রবেশ সীমিত করা হয়।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ ও দক্ষিণ কলকাতার সাংগঠনিক জেলা সভাপতি বৈশ্বানর চট্টোপাধ্যায় ঘটনাস্থলে গিয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। পরে পুলিশ জানায়, ভবনটির নির্মাণকাজ চলতে পারবে, তবে সেখানে কোনো রাজনৈতিক সভা বা সমাবেশ করা যাবে না।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশের পদক্ষেপের পক্ষে যুক্তি দিয়ে বলেন, নির্মাণাধীন ভবনে সভা চলাকালে ছাদ ধসে কেউ মারা গেলে এর দায় কে নেবে? তিনি তৃণমূলের দলীয় পরিচয় নিয়েও প্রশ্ন তোলেন।

কলকাতায় সাংগঠনিক সদর দপ্তর হিসেবে ব্যবহৃত দুটি ভবনের কোনোটিতে প্রবেশাধিকার না থাকায় তৃণমূল শিবির নতুন সংকটে পড়েছে।

টপসিয়া রোডের ৩৬জি ঠিকানায় দলটির পুরোনো সদর দপ্তর ২০০০ সালের শুরুর দিক থেকে চালু ছিল। ২০০২ সালের ২০ মে সেটির উদ্বোধন করা হয়। ২০২১ সালে ক্ষমতায় ফেরার পর পুরোনো ভবন ভেঙে সেখানে সাততলা নতুন সদর দপ্তর নির্মাণের সিদ্ধান্ত নেয় দলটি। প্রায় তিন বছর ধরে চলছে এর পুনর্নির্মাণকাজ।

বিকল্প হিসেবে ২০২২ সালের মে মাসে ক্যানাল সাউথ রোডে পাঁচতলা একটি ভবন ভাড়া নেয় তৃণমূল। সেটি দলের কার্যক্রমের সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হচ্ছিল। তবে বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর জুলাই মাসে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠী ভবনটির নিয়ন্ত্রণ নেয়।

গত কয়েক দিন ধরে তৃণমূলের আইটি সেলসহ বিভিন্ন শাখা সামাজিক যোগাযোগমাধ্যমে টপসিয়ার নির্মাণাধীন ভবনে সভা করার প্রচার চালাচ্ছিল। এর পরিপ্রেক্ষিতে পৌর করপোরেশন হস্তক্ষেপ করে।

শনিবার ভবনটি পরিদর্শনে গিয়ে রাজ্যসভার সদস্য দোলা সেন অভিযোগ করেন, পুলিশের এ পদক্ষেপের উদ্দেশ্য দলীয় সম্পত্তির নিয়ন্ত্রণ নেওয়া। তাঁর দাবি, প্রায় ৩০ বছর ধরে জায়গাটি তৃণমূলের এবং সংস্কারকাজ চলার কারণে শুধু সমাপ্তি সনদ না থাকাকে প্রবেশ বন্ধের যুক্তি হিসেবে ব্যবহার করা যায় না।

বৈশ্বানর চট্টোপাধ্যায়ও পুলিশের ব্যারিকেডের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর ভাষ্য, দলীয় কর্মীরা শুধু নির্মাণকাজ তদারক করতে সেখানে যাচ্ছিলেন। এ বিধিনিষেধের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়টিও বিবেচনা করছে তৃণমূল।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192844