ছাত্রদলের মিছিলে ককটেল হামলা, নারীসহ আটক ৪
পাবনা শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল ও ইটের খোয়া নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন আহত হন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে শহরের আব্দুল হামিদ সড়কের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
ছাত্রদল নেতাকর্মীদের দাবি, সাদ্দাম হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি মার্কেটের সামনে দিয়ে যাওয়ার সময় ভবনের ওপর থেকে একটি ককটেল ও ইটের খোয়া নিক্ষেপ করা হয়। ককটেলটি বিস্ফোরিত না হওয়ায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
পরে ছাত্রদল নেতাকর্মীরা মার্কেটটি ঘিরে চারজনকে আটকে রেখে পুলিশে খবর দেন। ডিবি পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান, আটক ব্যক্তিরা এ ঘটনায় জড়িত কি না, তা যাচাই করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192840