সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে বগুড়ার সারিয়াকান্দিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে বগুড়ার সারিয়াকান্দিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক জ্বালাও পোড়াও এবং নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বগুড়া সারিয়াকান্দিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিলটি আজ শনিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির সহসভাপতি জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির।

উপজেলা বিএনপির সভাপতি এড. নূরে আজম বাবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ, সহসভাপতি কাজী জাকির হোসেন বাবলু, সহ-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল, জেলা বিএনপির উপদেষ্টা নূরুল ইসলাম বাদশা, উপজেলা শ্রমিক দলের সভাপতি আসাদুজ্জামান খোকন প্রমুখ।

এসময় তৈয়ব জাকির বলেন, শেখ হাসিনা একটি অডিও বার্তা প্রেরণের মাধ্যমে তাদের নেতাকর্মীর মধ্যে একটি বিভ্রান্ত সৃষ্টি করেছে। তাই তার রেখে যাওয়া কিছু প্রেতাত্মা দেশে জ্বালাও পোড়াও কর্মসূচির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চায়, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় বাধাগ্রস্ত করতে চায়।

কিন্তু তাদের সেই স্বপ্ন কখনোই বাস্তবায়ন হবে না। শহীদ জিয়াউর রহমানের রেখে যাওয়া বিএনপির সৈনিক যতদিন রাজপথে আছে, ততদিন তাদের সেই স্বপ্ন কখনোই বাস্তবায়ন হবে না। তাদের স্বপ্ন সবসময় স্বপ্নই থেকে যাবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192815