জয়পুরহাটের কালাইয়ে বৃষ্টির পানিতে বেকায়দায় কৃষক, বেশি মজুরীতেও মিলছে না শ্রমিক

জয়পুরহাটের কালাইয়ে বৃষ্টির পানিতে বেকায়দায় কৃষক, বেশি মজুরীতেও মিলছে না শ্রমিক

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে গত সপ্তাহে টানা চার দিনের বৃষ্টিপাতের কারনে ফসলের মাঠে পানি জমে থাকায় ব্যাপক ক্ষতি হয়েছে উত্তরের কৃষিনির্ভর জেলা জয়পুরহাটের কালাইয়ের চাষীদের। বিশেষ করে মাঠে গোড়া ফেলে রাখা আমন ধান এবং আগাম জাতের রোপণ করা আলুক্ষেত নিয়ে বড় বেকায়দায় পড়েছে কৃষকেরা।

গত তিনদিন হলো রোদ ওঠলেও সারেনি বিভিন্ন ফসলের মাঠের ক্ষত। এরই মধ্যে শ্রমিকের সংকট দেখা দিয়েছে। বেশী মজুরীতেও মিলছে না শ্রমিক। বাধ্য হয়ে চাষীরা নিজের পরিবারের লোকজনদের নিয়ে ফসল রক্ষার্থে মাঠে নেমে পড়েছেন। 

আজ শনিবার (২৮ নভেম্বর) বিভিন্ন ফসলের মাঠে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘুর্ণিঝড় আকভানের প্রভাবে টানা চারদিনের জমে থাকা বৃষ্টির পানি ফসলের মাঠ থেকে নেমে গেছে। শুকিয়ে আসছে মাটি। কৃষকরা জমিতে থাকা কর্তন করা ধান ও সদ্য রোপণ করা আলুর ক্ষেতে পরিচর্যার কাজ শুরু করেছেন।

শ্রমিক সংকটের কারণে অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে কর্তন করা ধান গাছ রোদে শুকানোর জন্য ওলট-পালট করছেন। আবার কেউ কেউ ধানে গাছ না গজানোর জন্য কীটনাশক স্প্রে করছেন। উচু জমিতে আলু রোপনের জন্য মেশিনে লাঙ্গলের চাষ দিচ্ছেন। 

কৃষকরা বলছেন, গত সপ্তাহে জমিতে পানি জমে থাকায় কাজ বন্ধ ছিল, নীলফামারী, দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় থেকে আসা কৃষি শ্রমিকরা বাড়িতে চলে গেছে। এখন রোদ ওঠেছে, মাঠে জমে থাকা পানি নেমে গেছে, কাজও শুরু হয়েছে, কিন্তু শ্রমিকের সংকট দেখা দিয়েছে। বেশী মজুরিতেও শ্রমিক পাওয়া যাচ্ছে না। এমনিতেই যত ক্ষতি, তার ওপর শ্রমিক সংকট, সব মিলিয়ে ফসলের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। 

কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে, বৃষ্টির কারণে এবার কিছু মাঠে আগাম জাতের রোপণ করা আলুর ক্ষেত নষ্ট হয়ে গেছে। জেলার কালাই উপজেলার আঁওড়া গ্রামের কৃষক মকবুল হোসেন বলেন, বৃষ্টির আগের দিন বৃহস্পতিবার দেড় বিঘা জমিতে আগাম জাতের আলু রোপণ করেছিলাম।

গতকাল শুক্রবার বিকেল থেকে টানা বৃষ্টির কারণে জমিতে পানি জমে যাওয়ায় মাটির চাপায় রোপন করা আলুর বীজ পঁচে গেছে। একটি গাছও গজায়নি। এখন পানি নেমে গেছে, রোদও ওঠেছে। নতুন করে জমিতে চাষ দিয়েছি, শ্রমিকের অভাবে আলু রোপন করতে পারছি না। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনজু আলম সরকার বলেন, ঘুর্ণিঝড় আকভানের কারনে জেলার বিভিন্ন মাঠে রোপণ করা আগাম জাতের আলুর ক্ষেত নষ্ট হয়েছে। ধানের তেমন একটা ক্ষতি না হলেও অনেকের খড় (গোখাদ্য) পঁচে গেছে। রোদ ওঠেছে, আগামী এক সপ্তাহের মধ্যে এলাকায় পুরোদমে আলু রোপণ কাজ শুরু হবে। ইতিমধ্যেই জেলার বিভিন্ন মাঠ পরিদর্শন করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192804