চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কৃষি উদ্যোক্তা জন্নাতুল বিদেশি ফলের বাগান গড়ে তুলেছেন
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার কৃষি উদ্যোক্তা জিন্নাতুল আজম। ভারত সীমান্তবর্তী বাঙ্গাবাড়ী ইউনিয়নের ঘুঘিয়া আনারপুর এলাকায় ২০ বিঘা জমিতে বিদেশি ফলের বাগান করে তাক লাগিয়ে দিয়েছেন এ কৃষি উদ্যোক্তা।
প্রায় ১ কোটি টাকা খরচ করে তিনি এ ফলের বাগান গড়ে তুলেছেন। তার বাগানে রয়েছে আফ্রিকান কমলা, বিদেশি মাল্টা, কেনু, আঙ্গুর, ভারতীয় উন্নত জাতের পেয়ারা, বারোমাসি বিভিন্ন জাতের আম। তার এ উদ্যোগে তৈরি হয়েছে কর্মসংস্থান, উন্মোচিত হয়েছে গ্রামীণ কৃষি অর্থনীতির নতুন সম্ভাবনা।
তিনি জানান, একসময় শখের বসে শুরু করেছিলেন কমলা চাষ। ধীরে ধীরে সেই শখই রূপ নিয়েছে সম্ভাবনাময় কৃষি উদ্যোগে। পরিকল্পনা, পরিশ্রম ও নিয়মিত পরিচর্যায় গড়ে তুলেছেন ২০ বিঘা জমির বিশাল ফলের বাগান। যেখানে একই সাথে চাষ হচ্ছে দেশি-বিদেশি বিভিন্ন জাতের ফল।
আফ্রিকান কমলার পাশাপাশি বাগানে রয়েছে ১২মাসি বিভিন্ন জাতের আম, পেয়ারা ও আঙুর। সারা বছর ফল উৎপাদনের লক্ষ্য নিয়ে বিভিন্ন জাতের ফলের গাছ লাগিয়েছেন তিনি। একদিকে কমলার ফলন, অন্যদিকে অন্যান্য ফলের সমারোহ সব মিলিয়ে বাগানটি হয়ে উঠেছে ব্যতিক্রমী এক কৃষি খামার। গাছের পরিচর্যা, সার প্রয়োগ, সেচ ও রোগবালাই নিয়ন্ত্রণে নিয়মিত সময় দিতে হয় তাকে।
জিন্নাতুল আজমের মতে, কৃষিতে নতুন কিছু করার আগ্রহ থেকেই এ উদ্যোগের শুরু। প্রচলিত ফসলের বাইরে বিদেশি জাতের ফল চাষের সম্ভাবনা কাজে লাগাতে চেয়েছেন তিনি। সঠিক পরিচর্যা ও পরিকল্পনার মাধ্যমে দেশের মাটিতেও বিদেশি ফল উৎপাদন সম্ভব এমন বিশ্বাস থেকেই গড়ে তুলেছেন এই বাগান।
এই বাগান ঘিরে তৈরি হয়েছে স্থানীয় মানুষের কর্মসংস্থানও। বর্তমানে নিয়মিত কাজ করছেন ১০ জন শ্রমিক। তারা গাছের পরিচর্যা, আগাছা পরিস্কার, সেচ, সার প্রয়োগ ও ফল সংগ্রহসহ বিভিন্ন কাজে নিয়োজিত রয়েছেন। এতে কয়েকটি পরিবারের জীবিকার সুযোগ তৈরি হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসাইন বলেন, দেশের মাটিতে বিদেশি জাতের ফল চাষের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তবে সফলতার জন্য উপযুক্ত জাত নির্বাচন, মাটির উপযোগিতা যাচাই, আধুনিক চাষাবাদ পদ্ধতি এবং সঠিক পরিচর্যা জরুরি। এ ধরণের উদ্যোগ সম্প্রসারণ করা গেলে কৃষকরা প্রচলিত ফসলের পাশাপাশি বিকল্প ফল চাষে আগ্রহী হবেন। নতুন উদ্যোক্তাদের কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192800