মোরগ পোলাও খাইয়ে অচেতন, ধানমন্ডিতে ২ হাজার ভরি গয়না চুরি
রাজধানীর ধানমন্ডিতে নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করে একটি জুয়েলার্সের প্রায় দুই হাজার ভরি স্বর্ণ, রুপা ও হীরার গয়না চুরির অভিযোগ উঠেছে। শুক্রবার গভীর রাতে ধানমন্ডি ৬/এ এলাকার একটি শপিং মলে পূরবী জুয়েলার্সে এ ঘটনা ঘটে। চোরেরা গয়নার পাশাপাশি দোকান থেকে ১০ থেকে ১২ লাখ টাকা নগদও নিয়ে গেছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।
এ ঘটনায় দোকান ও মার্কেটের নিরাপত্তাকর্মীদের যোগসাজশ থাকার সন্দেহ করছে জুয়েলার্স কর্তৃপক্ষ। ইতোমধ্যে চার নিরাপত্তাকর্মীকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ। তবে দুজন নিরাপত্তাকর্মী পলাতক রয়েছেন।
পূরবী জুয়েলার্সের মালিক অমিত ঘোষ বলেন, আনুমানিক দুই হাজার ভরি গয়না চুরি হয়েছে। এর মধ্যে স্বর্ণ, রুপা ও হীরার গয়না রয়েছে। এ ছাড়া দোকান থেকে ১০ থেকে ১২ লাখ টাকা নগদ নিয়ে গেছে চোরেরা।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব চার নিরাপত্তাকর্মীকে আটকের তথ্য নিশ্চিত করেছেন। থানার এক কর্মকর্তা জানান, মার্কেটের দুই নিরাপত্তাকর্মী পলাতক রয়েছেন। তাঁদের খোঁজা হচ্ছে।
জুয়েলার্সের জ্যেষ্ঠ বিক্রেতা সঞ্জীব শীলের দাবি, চুরির আগে নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাওয়ের সঙ্গে কিছু খাইয়ে অচেতন করা হয়ে থাকতে পারে। ঘটনার পর থেকে কয়েকজন নিরাপত্তাকর্মী নিখোঁজ রয়েছেন। তাঁদের একজন জুয়েলার্সের নিজস্ব এবং দুজন মার্কেটের নিরাপত্তাকর্মী।
সঞ্জীব শীল বলেন, সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে দোকানে চুরি করতে দেখা গেছে। এ ছাড়া সেখানে আরও দুজন অপরিচিত ব্যক্তির উপস্থিতি ছিল। ফুটেজে দেখা গেছে, নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজন বাইরের লোকজনকে দোকানে প্রবেশে সরাসরি সহায়তা করেছেন। ভেতরে ঢোকার পর তাঁদের একজন সিসিটিভি ক্যামেরার সংযোগের তার কেটে দেন।
ঘটনায় জড়িত সন্দেহভাজন এক নিরাপত্তাকর্মীর পরিচয়পত্র উদ্ধার করে তদন্তকারী দলের কাছে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
শনিবার দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ধানমন্ডি থানা-পুলিশ শপিং মলটি ঘিরে রেখেছে। অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল সেখানে আলামত সংগ্রহ করছে।
জুয়েলার্সের বিক্রেতা জোবায়ের আহমেদ জানান, কয়েক বছর আগেও একইভাবে দোকানে চুরির চেষ্টা হয়েছিল। সে সময় নিরাপত্তাকর্মীদের মিষ্টি খাওয়ানো হয়েছিল। তাঁদের একজন অচেতন হয়ে পড়লে মালিক বিষয়টি টের পান। ফলে সেবার চুরির চেষ্টা সফল হয়নি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, ‘আমরা কাজ করছি। জড়িতদের শিগগিরই আইনের আওতায় আনা হবে।’
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192783