চট্টগ্রামের পটিয়ায় গ্রামীণ ব্যাংকের শাখায় ককটেল নিক্ষেপ
চট্টগ্রামের পটিয়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ককটেল নিক্ষেপ করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। এতে ব্যাংকের প্রধান ফটকে আগুন ধরে যায়। তবে নৈশপ্রহরীর তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
আজ শনিবার (২৮ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের পিংলা এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে।
গ্রামীণ ব্যাংক ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোরে ২ থেকে ৩ জন মুখোশধারী দুর্বৃত্ত ব্যাংকের প্রধান ফটক লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করে। এতে ফটকে আগুন ধরে যায়। এ সময় ব্যাংকের নৈশপ্রহরী আগুন দেখতে পেয়ে ফায়ার স্প্রে ব্যবহার করে তা নিভিয়ে ফেলেন।
ঘটনার খবর পেয়ে পটিয়া থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় ব্যাংকের কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) কবির খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ককটেল নিক্ষেপ করে পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।
গ্রামীণ ব্যাংকের পটিয়া এরিয়া ম্যানেজার কামরুল হাসান বলেন, কয়েকজন মুখোশধারী ব্যাংকের প্রধান ফটকে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করে। এতে ফটকে আগুন ধরে যায়। নৈশপ্রহরী ফায়ার স্প্রে দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।