চিকিৎসক লাঞ্ছিতের প্রতিবাদে মেহেরপুর হাসপাতালে মানববন্ধন ও কর্মবিরতি

চিকিৎসক লাঞ্ছিতের প্রতিবাদে মেহেরপুর হাসপাতালে মানববন্ধন ও কর্মবিরতি

দায়িত্বপালনরত অবস্থায় চিকিৎসক মাহাবুবুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছেন মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।

আজ শনিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের সামনে মানববন্ধনে অংশ নেন চিকিৎসক, নার্স ও হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

এতে নেতৃত্ব দেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) জাহিদুল ইসলাম। মানববন্ধনে শিশু কনসালটেন্ট কানিজ নাইমা, নাক-কান-গলা বিশেষজ্ঞ আবুল কাশেম এবং নার্সিং সুপারভাইজার আজিরন নেছা অংশগ্রহণ করেন। এ ছাড়া অফিস সহকারী লিটন হোসেনের নেতৃত্বে হাসপাতালের কর্মচারীরাও কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে একাত্মতা জানিয়ে যোগ দেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মেহেরপুর জেলা শাখার সভাপতি আব্দুস সালাম।

বক্তারা জানান, চিকিৎসকরা মানুষের জীবন রক্ষায় দিনরাত দায়িত্ব পালন করেন। এমন অবস্থায় একজন চিকিৎসকের ওপর শারীরিক হামলা অত্যন্ত নিন্দনীয় ও অনাকাঙ্ক্ষিত। এ ধরনের ঘটনা চিকিৎসকদের নিরাপত্তা ও চিকিৎসাসেবার পরিবেশকে হুমকির মুখে ফেলে।

ওই ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং হাসপাতালে চিকিৎসকসহ সব স্বাস্থ্যকর্মীর নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানান তারা। জানান, কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত না হলে চিকিৎসকদের স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়বে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192763