তিন মৌসুম পর আবারও মুম্বাইয়ের নেতৃত্বে রোহিত শর্মা
স্পোর্টস ডেস্ক : রোহিত শর্মার হাত ধরে সাফল্যের শিখরে উঠেছিল মুম্বাই ইন্ডিয়ান্স, একসময় সেই রোহিত শর্মাকেই সরিয়ে দেওয়া হয়েছিল নেতৃত্বের দায়িত্ব থেকে। এরপর বদলেছে অধিনায়ক, বদলেছে দলের ভাগ্য ফেরানোর চেষ্টা, কিন্তু ফেরেনি সেই পুরোনো রাজত্ব। অবশেষে সময়ের চাকা ঘুরে আবারও সেই পুরোনো সেনাপতির কাছেই ফিরতে হলো মুম্বাইকে। হার্দিক পান্ডিয়ার বিদায়ের পর অধিনায়কের আসনে ফিরলেন রোহিত শর্মা।
শুক্রবার (২৭ নভেম্বর) আবারও রোহিত শর্মাকে অধিনায়ক ঘোষণা করেছে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। ২০২৭ আইপিএল সামনে রেখে ৩৯ বছর বয়সী এই তারকার হাতে নেতৃত্বের দায়িত্ব তুলে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এর মধ্য দিয়ে মুম্বাইয়ের অধিনায়ক হিসেবে দ্বিতীয় অধ্যায় শুরু করতে যাচ্ছেন ভারতীয় এই তারকা।
রোহিতের নেতৃত্বেই ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত পাঁচবার আইপিএলের শিরোপা জিতেছিল মুম্বাই। তার অধিনায়কত্বে ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। তবে ২০২৪ আইপিএলের আগে গুজরাট টাইটান্স থেকে হার্দিক পান্ডিয়াকে দলে ভেড়ানোর পর রোহিতের পরিবর্তে তাঁর হাতেই তুলে দেওয়া হয়েছিল নেতৃত্ব।
এবার আসন্ন আইপিএলের আগে পাঞ্জাব কিংসের কাছে আর্শদীপ সিংয়ের বিনিময়ে হার্দিককে ছেড়ে দিয়েছে মুম্বাই। ফলে অধিনায়কের পদটি শূন্য হয়ে পড়ে। শেষ পর্যন্ত পুরোনো অধিনায়কের ওপরই আস্থা রাখল ফ্র্যাঞ্চাইজিটি।
অধিনায়ক হিসেবে আইপিএল ও চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি মিলিয়ে ১৬৩ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন রোহিত। এর মধ্যে জয় ৯১টি, হার ৬৮টি এবং টাই হয়েছে চারটি ম্যাচ। শুধু আইপিএলে মুম্বাইয়ের অধিনায়ক হিসেবে ১৫৮ ম্যাচে মাঠে নেমে ৮৭টি জয় পেয়েছেন তিনি। বিপরীতে হার রয়েছে ৬৭টি। অধিনায়ক হিসেবে তার জয়ের হার ৫৫.০৬ শতাংশ।
রোহিতের নেতৃত্ব ছাড়ার পর থেকেই আইপিএলে নিজেদের পুরোনো দাপট হারিয়েছে মুম্বাই। ২০২১ সালে পঞ্চম হওয়ার পর ২০২২ সালে দশম স্থানে থেকে আসর শেষ করে দলটি। ২০২৩ সালে দ্বিতীয় কোয়ালিফায়ার পর্যন্ত গেলেও ফাইনালে ওঠা হয়নি। এরপর হার্দিকের নেতৃত্বেও ভাগ্যের পরিবর্তন ঘটেনি। ২০২৪ সালে দশম এবং ২০২৬ সালে নবম স্থানে থেকে আসর শেষ করেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। মাঝের বছর দ্বিতীয় কোয়ালিফায়ার পর্যন্ত পৌঁছালেও শিরোপার স্বপ্ন পূরণ হয়নি।
নতুন করে নেতৃত্বের দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রোহিত শর্মা। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমার জীবনের বড় একটা অংশ মুম্বাই ইন্ডিয়ান্স। এই দলকে নেতৃত্ব দেওয়া সবসময় গর্ব করার মতো কিছু। আমরা কী অর্জন করতে পারি, সেটা নিয়ে আমার অটুট বিশ্বাস আছে। আমাদের যে ব্র্যান্ড, সেটা মনে রেখেই খেলব, একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করব এবং খেলা উপভোগ করব।’
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192760