বৈবাহিক ধর্ষণকে এখনো অপরাধ হিসেবে গণ্য করে না বাংলাদেশ-ভারত-আফগানিস্তান

বৈবাহিক ধর্ষণকে এখনো অপরাধ হিসেবে গণ্য করে না বাংলাদেশ-ভারত-আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : বৈবাহিক ধর্ষণকে এখনও পুরোপুরি অপরাধ হিসেবে মানে না দক্ষিণ এশিয়ার অনেক দেশ। এর মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত ও আফগানিস্তান। বৈবাহিক ধর্ষণকে অপরাধ না মানায় এই অঞ্চলের আটটি দেশে কোটি কোটি নারী ও কিশোরী অরক্ষিত অবস্থায় আছেন। নতুন এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। ওই গবেষণায় দেখা গেছে, দক্ষিণ এশিয়ায় জীবনসঙ্গীর সহিংসতার হার সারা বিশ্বের গড় হারের চেয়ে ৩৫ শতাংশ বেশি।

দক্ষিণ এশিয়ার নারী অধিকার সংগঠনগুলোর জোট ‘সমাজ’ এই গবেষণাটি করেছে। এ নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

বিশ্বের ১০০টিরও বেশি দেশে বৈবাহিক ধর্ষণ নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু প্রায় ৩৬টি দেশে এখনও এটি নিষিদ্ধ নয়। দক্ষিণ এশিয়ার বড় অংশও এই তালিকায় আছে। বাংলাদেশ, ভারত, আফগানিস্তান ও শ্রীলঙ্কা এখনও বৈবাহিক ধর্ষণকে নিষিদ্ধ করেনি। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শুধু মালদ্বীপেই বিয়ের পর ধর্ষণের জন্য অন্য ধর্ষণের মতো একই সাজা দেওয়া হয়। নেপাল ও ভুটানে এটিকে অপরাধ বলা হলেও সাজা অনেক কম।

বৈশ্বিক নারী অধিকার সংস্থা ‘ইকুয়ালিটি নাউ’য়ের রঞ্জিতা সিলওয়াল জানান, দক্ষিণ এশিয়ার বৈবাহিক ধর্ষণের আইনগুলো মূলত ব্রিটিশ শাসনামল থেকে এসেছে। ভারত ও বাংলাদেশে ১৮৬০ সালের আইনে ধর্ষণের ক্ষেত্রে কিছু ছাড় রাখা হয়েছে। শ্রীলঙ্কার ১৮৮৫ সালের আইনেও এমন ছাড় আছে। এসব আইনে প্রাপ্তবয়স্ক স্ত্রীর সঙ্গে স্বামীর জোর করে যৌন সম্পর্ককে ধর্ষণের বাইরে রাখা হয়েছে।

অধিকারকর্মীরা বলেন, এসব আইন পুরোনো ও সেকেলে। যে-ই করুক না কেন, সম্মতি ছাড়া যৌন সম্পর্ক মানেই ধর্ষণ। বিশেষজ্ঞদের সতর্কবার্তা হলো, বিয়ের ভেতরে যৌন সহিংসতা নারীর শরীর, মন, আবেগ ও যৌন স্বাস্থ্যের বড় ক্ষতি করে।

১৯৯১ সালে যুক্তরাজ্য তাদের আইন বদলে বৈবাহিক ধর্ষণকে অপরাধ করেছে। কিন্তু বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কায় এখনো সেই পুরোনো ছাড় রয়ে গেছে। পাকিস্তান ২০০৬ সালে এই ছাড় তুলে নিয়েছিল। তবে দেশটির কোনো উচ্চ আদালত এখনও নিশ্চিত করেনি যে বিয়ের সম্পর্কে ধর্ষণের আইন কার্যকর হবে। বরং সম্প্রতি পাকিস্তানের একটি হাইকোর্ট অসম্মতিতে যৌন সম্পর্কের ক্ষেত্রে স্বামীদের বড় ধরনের ছাড় বা দায়মুক্তি দিয়েছেন।

২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে আফগানিস্তানে নারীদের সুরক্ষা ধীরে ধীরে কমিয়ে আনা হয়েছে। রঞ্জিতা সিলওয়াল বলেন, চলতি বছরের জানুয়ারিতে সেখানে নতুন দণ্ডবিধি চালু হওয়ায় অবস্থা আরও খারাপ হয়েছে। নতুন এই নিয়মে স্বামী তার স্ত্রীর ওপর সহিংসতা করলে তখনই বিচার করা যাবে, যদি হাড় ভেঙে যায়, শরীর কেটে যায় বা গুরুতর আঘাত লাগে। দোষী প্রমাণিত হলেও স্বামীর সাজা হবে মাত্র ১৫ দিনের জেল। এই নতুন নিয়মে বৈবাহিক ধর্ষণের কোনো কথাই নেই। শাস্তি পাওয়ার শর্ত খুব কঠিন হওয়ায় নারীরা এর বিরুদ্ধে কোনো সুরক্ষা পান না।

রঞ্জিতা সিলওয়াল বলেন, অনেকের ধারণা বিয়ে করলেই যৌন সম্পর্কের সম্মতি দেওয়া হয়ে যায়। তারা মনে করেন, বিয়ের পর সম্মতির বিষয়টি আর থাকে না। তিনি বলেন, এটি সচেতনতার অভাব। এর মাধ্যমে বোঝা যায়, আমরা এখনও নারীদের সম্পত্তি হিসেবে দেখি এবং সমাজে পুরুষতান্ত্রিক চিন্তা রয়ে গেছে।

ভারতে এই আইনের বিরুদ্ধে করা ১০টি মামলা সুপ্রিম কোর্টে ঝুলে আছে। আগামী ৯ ডিসেম্বর এসব মামলার চূড়ান্ত শুনানি শুরু হওয়ার কথা রয়েছে। গত বছর ভারতে এক ব্যক্তি তার স্ত্রীকে নির্মমভাবে ধর্ষণ করেন। পরে ওই নারী মারা যান। কিন্তু আদালত অভিযুক্তকে ছেড়ে দিলে দেশজুড়ে তীব্র ক্ষোভ তৈরি হয়। তবে ভারত সরকার, ধর্মীয় সংগঠন এবং পুরুষ অধিকারকর্মীরা সুপ্রিম কোর্টে এই মামলাগুলোর বিরোধিতা করছেন। তাদের দাবি, বৈবাহিক ধর্ষণকে অপরাধ করা হলে তা খুব বেশি কঠোর হয়ে যাবে।

গবেষণায় আরও বলা হয়েছে, বাংলাদেশের মানবাধিকার সংগঠনগুলোও বৈবাহিক ধর্ষণের এই ছাড়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাদের যুক্তি হলো, এটি সংবিধানে দেওয়া জীবন, স্বাধীনতা এবং নির্যাতন ও নিষ্ঠুর আচরণ থেকে বাঁচার মৌলিক অধিকারের বিরোধী।

যারা বৈবাহিক ধর্ষণকে অপরাধ করার বিরোধিতা করেন, তাদের যুক্তি হলো এতে পরিবার ভেঙে যাবে। তারা বলেন, এতে ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ নষ্ট হবে এবং পুরুষদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ বাড়বে। তবে রঞ্জিতা সিলওয়াল মনে করেন, আইন বদলালেই যে ভুক্তভোগীরা ন্যায়বিচার পাবেন, এমন নিশ্চয়তা নেই। তিনি ভুটানের উদাহরণ দেন। ভুটানে বৈবাহিক ধর্ষণকে অপরাধ বলা হলেও এটিকে ছোট অপরাধ হিসেবে ধরা হয়। সেখানে এর সাজা এক মাস থেকে এক বছর। এ ছাড়া নেপালে সাধারণ ধর্ষণের সাজা ছয় থেকে ২০ বছর। কিন্তু স্ত্রীকে ধর্ষণ করলে স্বামীর সাজা সর্বোচ্চ পাঁচ বছর হয়। বিবিসি

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192755