আ’লীগ কর্মীরা হাসিনার ফাঁদে পা না দিলে সরকার তাদের মর্যাদা রক্ষা করবে: রাশেদ খাঁন
আওয়ামী লীগের নিরপরাধ নেতাকর্মীরা শেখ হাসিনার আগুনসন্ত্রাসের ফাঁদে পা না দিলে, সরকার তাদের নাগরিক নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
রাশেদ খাঁন লেখেন, আগুনসন্ত্রাস করে কখনো ফিরে আসা যায় না বরং অনুতপ্ত হলে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আ.লীগের নিরপরাধ নেতাকর্মীরা হয়তো রাজনীতির সুযোগ পেতো। কিন্তু বর্তমানে শেখ হাসিনা লেজ কাটা শিয়ালের চরিত্র ধারণ করেছে। তার মনোভাব দেখে মনে হচ্ছে যে, নিজে রাজনীতি করতে পারবে না বিধায় আ.লীগের বাকি নেতাকর্মীদেরও রাজনীতি করতে দিবে না। আর তাই দেশে থাকা নেতাকর্মীদের আগুনসন্ত্রাসের দিকে ঠেলে দিচ্ছে।
এতে করে আ.লীগের বিরুদ্ধে আবারও গণপ্রতিরোধ শুরু হয়েছে।
রাশেদ খাঁন বলেন, গণঅভ্যুত্থানের পরে সকল রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সহনশীল সমাজব্যবস্থা গঠনের চিন্তার জায়গা থেকে আ.লীগের নেতাকর্মীদেরকে গণপ্রতিরোধের মুখোমুখি হতে হয়নি। কিন্তু আ.লীগ আল-কায়েদার মতো সন্ত্রাসী সংগঠন হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করায় রাজনীতির মূলধারায় ফেরার পথ চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে।
রাশেদ খাঁন লেখেন, আ.লীগের নিরপরাধ নেতাকর্মীরা যদি শেখ হাসিনার আগুনসন্ত্রাসের ফাঁদে পা না দেয়, তবে সরকার তাদের নাগরিক নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষা করবে ইনশাআল্লাহ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192744