আগামীর ভরসা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

আগামীর ভরসা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

পাবনা প্রতিনিধি : দেশের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যেই নতুন আশার আলো হয়ে দেখা দিচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। জ্বালানি সংকট, আন্তর্জাতিক বাজারে জ্বালানির অস্থিরতা, আমদানিনির্ভর বিদ্যুৎ উৎপাদন এবং গ্রীষ্মে বাড়তি চাহিদার চাপে যখন বিদ্যুৎ খাত হিমশিম খাচ্ছে, তখন দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। দুই দফায় সফলভাবে বিদ্যুৎ সরবরাহের পরীক্ষা সম্পন্ন হওয়ায় প্রকল্পটি ঘিরে আশাবাদ বাড়ছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, দীর্ঘ পরীক্ষামূলক কার্যক্রম শেষে আগামী গ্রীষ্মে রূপপুর থেকে তুলনামূলক বড় পরিসরে বিদ্যুৎ পাওয়া গেলে দেশের বিদ্যুৎ সংকট মোকাবিলায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শীত মৌসুম শুরু হওয়ায় আপাতত বিদ্যুতের চাহিদা কিছুটা কমেছে। ফলে লোডশেডিং পরিস্থিতি গ্রীষ্মের তুলনায় অনেকটাই সহনীয়। তবে দেশের বিভিন্ন এলাকায় এখনো কয়েক ঘণ্টা বিদ্যুৎ না থাকার অভিযোগ রয়েছে। কোথাও কোথাও পাঁচ থেকে সাত ঘণ্টা পর্যন্ত লোডশেডিংয়ের পরিস্থিতিও দেখা যাচ্ছে। বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের ঘাটতি, জ্বালানি আমদানিতে আন্তর্জাতিক বাজারের অস্থিরতা, ডলার সংকট এবং বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে বিদ্যুৎ খাতের ওপর চাপ অব্যাহত রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, শীত মৌসুমে বিদ্যুতের চাহিদা কমলেও আগামী গ্রীষ্মে পরিস্থিতি আবারও কঠিন হতে পারে। সে সময় শিল্পকারখানা, সেচ, বাসাবাড়িতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র এবং অন্যান্য বিদ্যুৎনির্ভর কার্যক্রমের কারণে চাহিদা বাড়বে। বিদ্যমান উৎপাদন সক্ষমতা পুরোপুরি পুরোপুরি কাজে লাগানো এবং নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা না গেলে সংকট কাটানো কঠিন হবে। এমন পরিস্থিতিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে বিদ্যুৎ খাতের অন্যতম বড় সম্ভাবনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

জাতীয় গ্রিডে দুই দফা পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ : দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। গত ১৭ নভেম্বর প্রথমবারের মতো এ কেন্দ্রের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়। ওই পরীক্ষায় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়। এরপর গত ২৩ নভেম্বর দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরীক্ষা শুরু হয়। পরপর দুই দফা পরীক্ষামূলক সরবরাহের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন ও গ্রিডে সংযুক্তির কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

প্রকল্প সংশ্লিষ্টদের মতে, এটি কেন্দ্রটির কার্যক্রম চালু করার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি। পরমাণু বিদ্যুৎকেন্দ্রের ক্ষেত্রে উৎপাদন শুরু করলেই তাৎক্ষণিকভাবে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয় না। নিরাপত্তা, প্রযুক্তিগত সক্ষমতা, বিভিন্ন যন্ত্রপাতির কার্যকারিতা, উৎপাদন স্থিতিশীলতা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় নিশ্চিত করতে একাধিক ধাপে পরীক্ষা চালাতে হয়। রূপপুরেও চলছে সেই দীর্ঘ প্রক্রিয়া।

প্রকল্প সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, দীর্ঘ প্রায় ১০ মাসের ট্রায়াল অপারেশন বা পরীক্ষামূলক পরিচালনা শেষে ধাপে ধাপে বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ শুরু করার পরিকল্পনা রয়েছে। এ সময়ে কেন্দ্রের বিভিন্ন প্রযুক্তিগত ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা এবং উৎপাদন সক্ষমতা যাচাই করা হবে।

পৌছেছে ইউরেনিয়ামের নবম ও শেষ চালান : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি সরবরাহ কার্যক্রমেও গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। পাবনার ঈশ্বরদীর রূপপুরে পৌঁছেছে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের নবম ও শেষ চালান। গতকাল শুক্রবার ভোর ৫টা ৪৮ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তিনটি বিশেষায়িত লরিতে করে ইউরেনিয়াম প্রকল্প এলাকায় পৌঁছায়।

প্রকল্প সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত জ্বালানির দুটি চালান এবং দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি চালানে এসব ইউরেনিয়াম আনা হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি জ্বাল সরবরাহের জন্য দুটি কার্গো বিমানে আরও ৪৮টি অ্যাসেম্বলি আনার কথা ছিল। সর্বশেষ চালান পৌছানোর মধ্য দিয়ে সেই পরিকল্পনার বাস্তবায়ন শেষ হয়েছে।

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়াম জ্বালানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত প্রক্রিয়ায় এ জ্বালানি ব্যবহার করে তাপ উৎপাদন করা হয়, সেই তাপ থেকে বাষ্প তৈরি করে টারবাইন ঘোরানো হয় এবং টারবাইনের সঙ্গে যুক্ত জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদিত হয়। রূপপুরের জ্বালানি সরবরাহ কার্যক্রম সম্পন্ন হওয়ায় কেন্দ্রটির দুই ইউনিট পরিচালনার প্রস্তুতি আরও এগিয়ে গেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দুই ইউনিটে উৎপাদন হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট : রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রয়েছে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে কেন্দ্রটি থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা।

দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার তুলনায় এই পরিমাণ বিদ্যুৎ গুরুত্বপূর্ণ সংযোজন হতে পারে। বিশেষ করে জ্বালানি সংকটের সময়ে নির্ভরযোগ্য বিদ্যুৎ উৎপাদনের উৎস হিসেবে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভূমিকা বাড়বে বলে আশা করা হচ্ছে। তবে দুটি ইউনিটের বিদ্যুৎ একসঙ্গে জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার বিষয়টি নির্ভর করবে সংশ্লিষ্ট প্রযুক্তিগত পরীক্ষা, নিরাপত্তা যাচাই, লাইসেন্সিং, গ্রিডের সক্ষমতা এবং কমিশনিং কার্যক্রমের অগ্রগতির ওপর। তাই পূর্ণ উৎপাদন শুরুর সময়সীমা নিয়ে এখনই চূড়ান্ত নিশ্চয়তা দেওয়া কঠিন।

গ্রীষ্মে লোডশেডিং কমানোর সম্ভাবনা : বাংলাদেশে বিদ্যুতের চাহিদা সাধারণত গ্রীষ্মে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। তীব্র তাপপ্রবাহ, সেচ কার্যক্রম, শিল্প উৎপাদন এবং বাসাবাড়িতে এসি ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রের ব্যবহার বাড়ায় বিদ্যুতের চাহিদা। এ সময় উৎপাদন ও সরবরাহে ঘাটতি দেখা দিলে লোডশেডিং বাড়ে। গত গ্রীষ্মে বিদ্যুতের সংকট নিয়ে
ভোগান্তিতে পড়েছেন দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ। গ্রামাঞ্চলে সেচ কার্যক্রম, ব্যবসা-বাণিজ্য, শিল্পকারখানা ও শিক্ষাপ্রতিষ্ঠানেও এর প্রভাব পড়েছে। 

আগামী গ্রীষ্মে চাহিদা বাড়ার আগে রূপপুরের প্রথম ইউনিট থেকে নিয়মিত বিদ্যুৎ পাওয়া গেলে তা বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বাড়তি সহায়তা দিতে পারে। বিশেষ করে প্রথম ইউনিটের উৎপাদন ধাপে ধাপে বাড়িয়ে স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসা সম্ভব হলে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে নতুন একটি নির্ভরযোগ্য উৎস যুক্ত হবে। এতে জ্বালানিনির্ভর বিদ্যুৎ উৎপাদনের ওপর চাপ কিছুটা কমানোর সম্ভাবনা রয়েছে।

জ্বালানি সংকটে নতুন সম্ভাবনার নাম রূপপুর : বাংলাদেশের বিদ্যুৎ খাত দীর্ঘদিন ধরে গ্যাস, কয়লা, তেল এবছ আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থার ওপর নির্ভরশীল। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়লে কিংবা সরবরাহে বিঘ্ন ঘটলে দেশের বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হয়। যুদ্ধ, নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক পরিবহন সংকট এবং বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা এ ঝুঁকি আরও বাড়িয়েছে। এ পরিস্থিতিতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বিদ্যুৎ উৎপাদনের উৎস বহুমুখীকরণে ভূমিকা রাখতে পারে। একবার জ্বালানি সরবরাহ ও উৎপাদন কার্যক্রম স্থিতিশীল হলে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে পারমাণবিক প্রযুক্তি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে এ প্রযুক্তির ক্ষেত্রে নিরাপত্তা, বর্জ্য ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ, জ্বালানি সরবরাহের ধারাবাহিকতা এব আন্তর্জাতিক মানদন্ড অনুসরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রূপপুর প্রকল্প বাস্তবায়নে রাশিয়ার প্রযুক্তিগত সহায়তা, জ্বালানি সরবরাহ এবং পরিচালনাগত সহযোগিতা বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের অভিজ্ঞতা অর্জনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চ্যালেঞ্জের মধ্যেও আশার আলো : বিদ্যুৎ সংকট, জ্বালানি আমদানির অনিশ্চয়তা এবং আগামী গ্রীষ্মের বাড়তি চাহিদার আশঙ্কার মধ্যেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের বিদ্যুৎ খাতে নতুন আশার সঞ্চার করেছে। প্রথম ইউনিট থেকে দুই দফায় পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ, ইউরেনিয়ামের শেষ চালান পৌছানো এবং দ্বিতীয় ইউনিটের প্রস্তুতি এগিয়ে যাওয়ায় প্রকল্পটি ঘিরে প্রত্যাশা বাড়ছে।

আগামী গ্রীষ্মের আগে প্রথম ইউনিট থেকে কতটা স্থিতিশীল ও নির্ভরযোগ্য বিদ্যুৎ পাওয়া যায়, সেটিই এখন বড় প্রশ্ন পরিকল্পনা অনুযায়ী পরীক্ষামূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন করে বাণিজ্যিক উৎপাদনে যেতে পারলে রূপপুর দেশের বিদ্যুৎ খাতে বড় অবদান রাখতে পারে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192731