করতোয়ার পাড়ে রকের রাত: বগুড়ায় এক মঞ্চে 'আর্টসেল' থেকে 'ইতিবৃত্ত'

করতোয়ার পাড়ে রকের রাত: বগুড়ায় এক মঞ্চে 'আর্টসেল' থেকে 'ইতিবৃত্ত'

শহর প্রতিনিধি: শুক্রবার দুপুর আড়াইটায় গেট খোলার আগেই বগুড়া শহরের করতোয়া কনভেনশন সেন্টারের সামনে ছিল ভেতরে ঢোকার দীর্ঘ লাইন। প্রিয় ব্যান্ডের সিগনেচার টি-শার্টের সঙ্গে মিলিয়ে সেজে আসা কিশোর-তরুণদের মিলনমেলায় পরিণত হয় এক্স ফোর্সের ‘রক এক্সপ্রেস’-এর এই স্টেশন। আর্টসেল ও হাইওয়েসহ পাঁচ ব্যান্ডের এক মঞ্চের এই আয়োজন ছিল করতোয়া কনভেনশন সেন্টারের প্রথম ইনডোর কনসার্ট।

আয়োজক প্রতিষ্ঠানের প্রধান এনামুল ফেরদৌস নাবিল জানান, আগেই দুই হাজার দর্শক টিকিটের জন্য নাম নিবন্ধন করেছিলেন। পরবর্তীতে উপস্থিত দর্শকের সংখ্যা আরও বেড়ে ছাড়িয়ে যায় আড়াই হাজার। তিনি আরও জানান, বগুড়ার পর রক এক্সপ্রেস থামবে নোয়াখালীতে; এরপর খুলনা হয়ে কুমিল্লায় পৌঁছে শেষ হবে এ মৌসুমের যাত্রা। বগুড়ার দর্শক উপস্থিতি ও সার্বিক পরিবেশ দেখে ভবিষ্যতেও এখানে কনসার্ট আয়োজনের পরিকল্পনার কথা জানান এই তরুণ ইভেন্ট অর্গানাইজার। রাজশাহীর চেয়েও বগুড়ায় তরুণদের এমন স্বতঃস্ফূর্ত উপস্থিতি তাদের আয়োজনকে পূর্ণতা দিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

আয়োজকদের প্রচারণায় প্রতিটি ব্যান্ডকে ট্রেনের একেকটি বগি হিসেবে তুলে ধরা হয়েছে। সেই রূপকে আর্টসেল, হাইওয়ে, এ.কে. রাহুল (A.K. Rahul), সায়ানাইড ও ইতিবৃত্ত পৌঁছে যায় বগুড়ায়।

বগুড়ার মাটিতে এই দিনটির জন্য অপেক্ষা ছিল অনেকের। শেরপুর থেকে আসা কলেজশিক্ষার্থী আরাফ সঠিক সময়ে পৌঁছাতে বৃহস্পতিবারই চলে আসেন বগুড়া শহরে। বন্ধুর মেসে নির্ঘুম রাত কাটিয়েছেন, বন্ধুদের সঙ্গে শুনেছেন পছন্দের ব্যান্ড হাইওয়েসহ নানা গান। প্রতিবেশী জেলা সিরাজগঞ্জ ও গাইবান্ধা থেকে আসা রাকিব ও তার বন্ধুরা আগের রাতে এসে পৌঁছান, আর ভেন্যুতে ঢোকেন বিকেলে। স্কুলপড়ুয়া মামাতো ভাই-বোনদের বার্ষিক পরীক্ষার আগে এটি তাদের পারিবারিক মিলনমেলাও হয়ে ওঠে।

কনভেনশন সেন্টারের মূল প্রবেশমুখের বাইরে ছিল এক্স ফোর্সের ‘এক্সপেরিয়েন্স জোন’। ড্রাম, গিটার আর ফটোবুথে প্রিয় ব্যান্ডের লোগো স্ট্যান্ডের সঙ্গে কিশোর-তরুণ-তরুণীরা তুলেছেন গ্রুপ ফটো ও সেলফি।

বিকেল তিনটায় শুরু হয় ‘রক এক্সপ্রেস বগুড়া’। শুরুতে মঞ্চে ওঠে সায়ানাইড। নিজেদের মৌলিক গানের পাশাপাশি তারা পরিবেশন করে বাংলাদেশের খ্যাতনামা রক ব্যান্ডগুলোর ম্যাশআপ। ওয়ারফেজের ‘তোমাকেই পড়বে মনে’সহ বাদ যায়নি জেমস ও আইয়ুব বাচ্চুর ব্যান্ডের জনপ্রিয় গান। সন্ধ্যা সাতটার আগেই সায়ানাইড ও ইতিবৃত্ত তাদের পরিবেশনা শেষ করে।

পরে মঞ্চে আসে এ.কে. রাহুলের (A.K. Rahul) ব্যান্ড। এ বছর এপ্রিলে ব্যাংককে আমেরিকান মেটালকোর ব্যান্ড মেমফিস মে ফায়ারের (Memphis May Fire) সঙ্গে মঞ্চ ভাগ করেছেন তারা। এর আগে ‘ট্রেইনরেক’-এর হয়ে জার্মানির ‘ওয়াকেন ওপেন এয়ার’-এ খেলা প্রথম বাংলাদেশি ব্যান্ডের অংশ ছিলেন রাহুল। বগুড়ার মঞ্চে তাদের ‘ভাঙচুর’ গানে সুর মেলান ভক্তরা।

হাইওয়ের পরিবেশনায় সবচেয়ে জোরালো সমবেত কণ্ঠ শোনা যায় ‘অবস্থান’ ও ‘সাক্ষী’ গানে। এ ছাড়া ‘মৃতদেহের গান’ অ্যালবামের বেশ কয়েকটি গানও পরিবেশন করে তারা।

বগুড়ায় পারফর্ম করার অভিজ্ঞতা জানতে চাইলে ব্যান্ডগুলোর গিটারিস্টসহ অন্য সদস্যরা জানান, দর্শকদের সরব উপস্থিতিতে তারা ভীষণ আনন্দিত। বিশেষ করে স্কুল-কলেজপড়ুয়াদের গলা মেলানো আর উচ্ছ্বাস ছিল বড় পাওনা। মঞ্চের সামনের দর্শকদের বেশির ভাগই ছিলেন কিশোর ও সদ্য কুড়ি পেরোনো তরুণ-তরুণী; যাদের অনেকেই ছিলেন বিশ্ববিদ্যালয়ে পা রাখার অপেক্ষায়।

ইনডোর কনসার্টের বিবেচনায় সাউন্ড ও অন্যান্য আয়োজনে সন্তুষ্টির কথা জানান ফেরত আসা দর্শকরা। শুক্রবার ছুটির দিনে স্ত্রী-সন্তান নিয়ে এসেছিলেন ওহিদুল ইসলাম। দিনাজপুরের বাসিন্দা এই বেসরকারি কর্মকর্তা এখন কর্মসূত্রে বগুড়ায় থাকেন। তিনি জানান, কনসার্টে এসে যেন ফিরে পেয়েছেন বিশ্ববিদ্যালয় জীবন।

ব্যবস্থাপনায় কর্তৃপক্ষ ও আয়োজকরা মুন্সিয়ানা দেখালেও মূল প্রবেশমুখে টিকিট ছাড়া বেশ বড় ভিড় জমেছিল। তাদের অনধিকার প্রবেশ ঠেকিয়ে দেয় পুলিশ, র‍্যাবসহ কনভেনশন সেন্টারের নিরাপত্তারক্ষীরা।

করতোয়া কনভেনশন সেন্টারের তত্ত্বাবধায়ক রিয়াদ হাসান জানান, ভেন্যুতে এটিই প্রথম ইনডোর কনসার্ট। এক হলরুমেই দাঁড়িয়ে আড়াই হাজারের বেশি দর্শক অনুষ্ঠান উপভোগ করতে পারেন। দুটি হলরুম ও বাইরের অংশ মিলিয়ে এর দ্বিগুণ দর্শকের জায়গা দেওয়ার সক্ষমতা রয়েছে। বিয়ে, জন্মদিন, করপোরেট সভা ও সেমিনারের বাইরে এমন আয়োজনের অংশ হতে পেরে তিনি উচ্ছ্বসিত। আর্টসেল ও হাইওয়ের গান তিনিও অবসরে শোনেন।

সবশেষে মঞ্চে ওঠে রাতের মূল আকর্ষণ আর্টসেল। ১৯৯৯ সালে যাত্রা শুরু করা ব্যান্ডটি একসময় ঢাকার রাশিয়ান কালচারাল সেন্টারে নিয়মিত বাজাত। আন্ডারগ্রাউন্ড থেকে উঠে আসা এই দল বগুড়ার মঞ্চে পরিবেশন করে মৌলিক গান ‘ধূসর সময়’, ‘দুঃখ বিলাস’, ‘পথচলা’, ‘অন্য সময়’ এবং সিগনেচার ট্র্যাক ‘অনিকেত প্রান্তর’। লিংকন ডি'কস্তাকে ছাড়াই দেশের শো চালিয়ে যাওয়া ব্যান্ডটিতে ট্যুরিং ভোকালিস্ট বখতিয়ার এদিনও দর্শক মাতিয়েছেন। পরিবেশনা শেষে দৈনিক করতোয়াকে তিনি জানান, বগুড়ায় রক মিউজিকের এত শ্রোতা দেখে তিনি অভিভূত এবং আগামীতে আবারও বগুড়ায় আসবেন।

ফেরার পথে স্ত্রী বাবলী রহমানকে সঙ্গে নিয়ে বন্ধুদের স্মৃতিতে ডুবে যান ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান তন্ময়। সন্তানদের ঘরে রেখে এসেছেন, তাই ফিরতে হবে; কিন্তু সঙ্গে নিয়ে যাচ্ছেন ছুটির দিনের বাড়তি সুখানুভূতি।

রাত নামার পর কনসার্টের নিয়ন আলো যখন নিভু নিভু, রক এক্সপ্রেস ছাড়ল বগুড়ার করতোয়া স্টেশন। কিন্তু বগুড়ার তরুণদের কানে তখনও গিটারের সুর অনুরণিত হচ্ছিল, আর মুখে মুখে ফিরছিল প্রিয় ব্যান্ডগুলোর জনপ্রিয় সব গান।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192716