রাজশাহীতে সাবেক মেয়রসহ আ’লীগের ১১ নেতাকর্মী গ্রেফতার

রাজশাহীতে সাবেক মেয়রসহ আ’লীগের ১১ নেতাকর্মী গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীতে সাবেক পৌরসভার মেয়রসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। গতকাল বৃহস্পতিবার দিনগত রাতে মহানগরীর বিভিন্ন এলাকায় গোয়েন্দা পুলিশ (ডিবি), স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) ও বিভিন্ন থানা পুলিশের একাধিক দল পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন- মোহনপুর থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কেশরহাট পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ শহিদুজ্জামান(৫৫),  মো. মাসুদ(৫৭), মুছা আহমদ খান মন্টু(৪০), আলহাজ মো. রেজাউল ইসলাম(৬৬), সোবাহান ওরফে শুভ(৩০), মো. মাসাদুল ইসলাম স্বপন(৫০), মো. ইকবাল হোসেন(৫২), মোহাম্মদ রুবেল শেখ(৩৮), মোহাম্মদ তারিফুর রহমান তোর(৩৮), ইদ্রিস আলম(৪২) ও মো. সাব্বির শেখ ওরফে জাহাঙ্গীর(৩৪)।

আরএমপি জানায়, গত ২৬ নভেম্বর সকালে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর এলাকায় আওয়ামী লীগের ব্যানারে একটি মিছিল বের করা হয়। এ ঘটনায় রাজপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192712