বগুড়ায় আওয়ামী লীগ ও যুবলীগের ৪ নেতা গ্রেফতার
স্টাফ রিপোর্টার : বগুড়া সদর ও সোনাতলায় পুলিশের পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও শ্রমিকলীগের চার নেতাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে সদর থানার পুলিশের একটি টিম বগুড়া মহানগরের সুত্রাপুর গোহাইল রোডে একটি বাড়িতে অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামি তানভীর হাবিব শাওন (৩০)কে গ্রেফতার করে। ধৃত শাওন জেলা যুবলীগের প্রচার সম্পাদক। আজ শুক্রবার (২৭ নভেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এছাড়া একই দিন রাতে ডিবি পুলিশ মহানগরের পুরান বগুড়ার তিনমাথায় অভিযান চালিয়ে শ্রমিকলীগ নেতা নজরুল ইসলাম (৫৫)কে গ্রেফতার করে। গতকাল তাকে নাশকতা মামলায় কারাগারে প্রেরণ করা হয়েছে।
এদিকে,আমাদের সোনাতলা (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার সোনাতলায় যুবলীগ নেতা বনি আমিন ওরফে বনি (৩০)সহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। সোনাতলা থানা পুলিশ যুবলীগ নেতা বনি আমিনকে নাশকতা মামলায় গ্রেফতার করে আজ শুক্রবার (২৭ নভেম্বর) আদালতে প্রেরণ করেছে।
গ্রেফতারকৃত বনি আমিন উপজেলার পাকুল্লা ইউনিয়নের হুয়াকুয়া (সাহবাজপুর) গ্রামের আরিফ উদ্দিন মন্ডলের ছেলে। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। তিনি দীর্ঘদিন যাবৎ গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন। সোনাতলা থানার অফিসার ইনচার্জ কবির হোসেন এতথ্য নিশ্চিত করেন।
অপরদিকে, সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নের পাকুল্লা গ্রামের হুমায়ুন কবির সুমন সরকার (৫২)কে গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকায় গোয়েন্দা পুলিশ পল্টন এলাকা থেকে গ্রেফতার করে। তিনি সোনাতলার পাকুল্লা গ্রামের নজমল হক (নয়া মিয়া) সরকারের ছেলে। তার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
তিনি বিগত আওয়ামী লীগ সরকারের শাসন আমলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নের সকল ভোট কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থীকে অর্থ যোগান দিয়েছিলেন বলে এলাকায় জনশ্রতি রয়েছে। সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192703