বগুড়ার ধুনটে কবর খুঁড়ে কলাগাছ রোপণ করে দখলের অভিযোগ
ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলার উত্তর কান্তনগর গ্রামে কবরস্থানের জায়গা বেদখলের অভিযোগ উঠেছে একই গ্রামের মোজাম প্রামানিকের ছেলে জহুরুল ইসলাম ও তার লোকজনের বিরুদ্ধে। তারা ২২ নভেম্বর সকালে কবরস্থানের মাটি খুঁড়ে কলাগাছ রোপণ করে দখল নিয়েছে।
এ ঘটনায় কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান বাদি হয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে পৃথক দুটি লিখিত অভিযোগ দিয়েছেন।
স্থানীয়দের ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কালেরপাড়া ইউনিয়নের উত্তর কান্তনগর গ্রামের মানুষের সম্মিলিত উদ্যোগে ২০১৩ সালে দান দক্ষিণা ও অর্থ সংগ্রহের মাধ্যমে ১৮ শতক জমি কিনে কান্তনগর জান্নাতুল মাওয়া কবরস্থান গড়ে তোলা হয়। এরপর থেকে গ্রামের বিভিন্ন পরিবারের ব্যক্তিদের সেখানে দাফন করা হচ্ছে। গত প্রায় ১৩ বছরে কবরস্থানটিতে ৬০ থেকে ৭০ ব্যক্তিকে সমাহিত করা হয়েছে।
কিন্তু গত ২২ নভেম্বর ওই গ্রামের জহুরুল ইসলাম ও তার লোকজন কবরস্থানের জমি নিজেদের বলে দাবি করে সেখানে কবর খুঁড়ে ১৫টি কলাগাছ রোপণ করেন। এ ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন কবরস্থানে স্বজনদের দাফন করা পরিবারগুলো।
কবরস্থানের খাদেম আব্দুল মজিদ বলেন, আমি দীর্ঘদিন ধরে এই কবরস্থানে কবর খোঁড়ার কাজ করছি। এ পর্যন্ত প্রায় ৩০টি কবর খুঁড়েছি। গত ১৩ বছরে গ্রামের বিভিন্ন পরিবারের অর্ধ শতাধিকের বেশি মৃত ব্যক্তিকে এখানে দাফন করা হয়েছে। আমার বাবাসহ অনেক স্বজনের কবরও এখানে রয়েছে। এত বছর পর হঠাৎ করে জহুরুল ইসলাম ও তার লোকজন কবরস্থানের জমি দখলের চেষ্টা করায় দাফন নিয়ে জটিলতা দেখা দিয়েছে। কবরস্থানে দাফন করা মরদেহ তুলে নিয়ে যাওয়ার ভয়ভীতিও দেখানো হচ্ছে বলেও অভিযোগ তার। কবর খুঁড়ে কলাগাছ রোপণ করায় আমি খুবই কষ্ট পেয়েছি।
এ বিষয়ে জহুরুল ইসলাম জানান, তার নিজের জমিতেই তিনি কলাগাছ রোপন করেছেন। প্রতিপক্ষরাই জোর করে তাদের জমিতে কবরস্থান গড়ে তুলেছেন।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192696