সিরাজগঞ্জের শাহজাদপুরে নিখোঁজ মাদ্রাসাছাত্রী উদ্ধার
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়া তিন মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত তিনজন হলো, উপজেলার হরিরামপুর গ্রামের মোছা. মনিজা খাতুন(১৫), মোছা. সালমিদা(১৩) ও মোছা. ফাতেমা(১৩)। তারা উপজেলার একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী।
আজ শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মাদ্রাসায় যাওয়ার কথা বলে তিনজন নিজ নিজ বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা হয়ে গেলেও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে তাদের অভিভাবকরা শাহজাদপুর থানায় এসে অভিযোগ করেন।
এ ঘটনায় থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পুলিশের তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় শাহজাদপুর থানাধীন নগরডালা গ্রামে অবস্থান শনাক্ত করে তিন কিশোরীকে উদ্ধার করা হয়। পরে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। শাহজাদপুর থানার পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ সুপার শাহজাদপুর সার্কেল মো. হাফিজুর রহমান ও অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলামের দিকনির্দেশনায় এবং তদন্তকারী কর্মকর্তা এসআই মো. এরশাদুল হকের নেতৃত্বে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192693