যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমার বিস্ফোরণ, দুই শ্রমিক আহত

যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমার বিস্ফোরণ, দুই শ্রমিক আহত

যশোর শহরের বেজপাড়া এলাকায় মাটি খুঁড়তে গিয়ে বোমার বিস্ফোরণ ঘটেছে। এতে দুই শ্রমিক আহত হয়েছেন।

আজ শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে শহরের বেজপাড়ার বিহারি কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত দুই শ্রমিক হলেন- সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার গণেশপুর গ্রামের কাশেম সরদারের ছেলে আব্দুর রাজ্জাক (৩৫) ও মোহাম্মদ গাজীর ছেলে আকবর (৫৫)।

পুলিশ ও কর্মরত শ্রমিকরা জানান, শুক্রবার সকালে শহরের বেজপাড়া বিহারি কলোনি এলাকায় বাদলের বাড়ির পেছনে স্তূপ করে রাখা মাটি খোঁড়ার কাজ করছিলেন তারা। এক পর্যায়ে হঠাৎ কোদালের কোপ লেগে বোমার বিস্ফোরণ ঘটে। এতে কর্মরত দুজন শ্রমিক আহত হন। এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কিছু বিস্ফারিত বোমার বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অনেক আগে কেউ বোমাগুলো মাটির নিতে লুকিয়ে রেখেছিল। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192667