সরকারি ব্যয় মেটাতে টাকা ছাপানো নিষিদ্ধ করল আর্জেন্টিনা
সরকারি ব্যয় মেটাতে কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে অতিরিক্ত অর্থ ছাপানোর পথ বন্ধ করতে আইন পাস করেছে আর্জেন্টিনা। প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের নেওয়া অর্থনৈতিক সংস্কারের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির আইনসভা।
গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আর্জেন্টিনার পার্লামেন্টের নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিজ কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমে বিধিনিষেধ আরোপসংক্রান্ত একটি বিলে চূড়ান্ত অনুমোদন দেয়। নতুন আইনে কেন্দ্রীয় ব্যাংকের ‘প্রধান ও মৌলিক দায়িত্ব’ হিসেবে দেশটির মুদ্রার মূল্যমান স্থিতিশীল রাখার বিষয়টি নির্ধারণ করা হয়েছে।
এর আগে আর্জেন্টিনার বিভিন্ন সরকারের আমলে সরকারি ব্যয় মেটাতে কেন্দ্রীয় ব্যাংক অতিরিক্ত অর্থ ছাপাত। অর্থনীতিবিদদের মতে, এ ধরনের পদক্ষেপ দেশটিতে উচ্চ মূল্যস্ফীতি বাড়াতে ভূমিকা রেখেছিল। ২০২৩ সালে আর্জেন্টিনায় মূল্যস্ফীতি ২০০ শতাংশ ছাড়িয়ে যায়।
উল্লেখ্য, উদারপন্থি অর্থনীতিবিদ হাভিয়ের মিলেই ২০২৩ সালে লাগামহীন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সরকারি ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেন।
তার সরকারের অধীনে মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে একই সময়ে দেশটিতে দারিদ্র্যের হার বেড়েছে। এ ছাড়া সাম্প্রতিক মাসগুলোতে অর্থনৈতিক কর্মকাণ্ড কমে যাওয়ায় আর্জেন্টিনা মন্দার দিকে এগোচ্ছে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদদের একাংশ।
কেন্দ্রীয় ব্যাংকসংক্রান্ত বিলটি পাসের পর প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে সিদ্ধান্তটিকে স্বাগত জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘এর মধ্য দিয়ে কেন্দ্রীয় ব্যাংকে প্রায় দুই দশকের রাজনৈতিক হস্তক্ষেপের অবসান ঘটল।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192658