আজ কিংবদন্তি অভিনেতা ব্রুস লির জন্মদিন
মার্শাল আর্ট ও চলচ্চিত্রের জগতে কিংবদন্তি এক নাম ব্রুস লি। অভিনয়, অসাধারণ শারীরিক দক্ষতা এবং নিজস্ব মার্শাল আর্ট দর্শনের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিলেন তিনি।
শুধু অ্যাকশন সিনেমার জনপ্রিয় তারকা হিসেবেই নয়, মার্শাল আর্টকে নতুনভাবে তুলে ধরার জন্যও স্মরণীয় হয়ে আছেন এই অভিনেতা। আজ ২৭ নভেম্বর তার জন্মদিন। ১৯৪০ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে জন্মগ্রহণ করেন ব্রুস লি। তার জন্মনাম ছিল লি জুন-ফান।
বাবা লি হোই-চুয়েন ছিলেন ক্যান্টনিজ অপেরার শিল্পী। বাবার কাজের সূত্রে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে জন্ম হলেও শৈশবের বেশির ভাগ সময় কেটেছে হংকংয়ে। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তার। মাত্র তিন মাস বয়সে প্রথমবারের মতো চলচ্চিত্রে দেখা যায় তাকে।
পরে শিশুশিল্পী হিসেবে হংকংয়ের বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন। ১৮ বছর বয়সের মধ্যেই ২০টির বেশি চলচ্চিত্রে কাজ করেছিলেন তিনি। তবে অভিনয়ের পাশাপাশি মার্শাল আর্টের প্রতিও ছিল তার গভীর আগ্রহ। ১৩ বছর বয়সে উইং চুন মার্শাল আর্ট শেখা শুরু করেন ব্রুস। তার শিক্ষক ছিলেন বিখ্যাত মার্শাল আর্ট প্রশিক্ষক ইপ ম্যান।
কয়েক বছর ধরে প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি নিজের দক্ষতা বাড়াতে নিয়মিত অনুশীলন করতেন তিনি।
১৯৫৯ সালে ১৮ বছর বয়সে যুক্তরাষ্ট্রে ফিরে যান ব্রুস লি। পরে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে দর্শন বিষয়ে পড়াশোনা করেন। পড়াশোনার পাশাপাশি মার্শাল আর্ট শেখাতেন এবং নিজের প্রশিক্ষণকেন্দ্রও গড়ে তোলেন। যুক্তরাষ্ট্রে তার পরিচিতি বাড়তে থাকে। ১৯৬৬ সালে টেলিভিশন সিরিজ দ্য গ্রিন হর্নেট-এ কেটো চরিত্রে অভিনয় করে দর্শকের নজরে আসেন তিনি।
মার্শাল আর্টের প্রচলিত ধারা নিয়েও নিজের মতো করে ভাবতেন ব্রুস লি। বিভিন্ন কৌশল ও দর্শনের সমন্বয়ে গড়ে তোলেন নিজস্ব মার্শাল আর্ট পদ্ধতি ‘জিত কুনে ডো’। এই পদ্ধতিতে নির্দিষ্ট কোনো ধারার মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রয়োজন অনুযায়ী কার্যকর কৌশল ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়। মার্শাল আর্টকে কেবল লড়াইয়ের কৌশল হিসেবে নয়, আত্মপ্রকাশ ও আত্মউন্নয়নের মাধ্যম হিসেবেও দেখতেন তিনি।
টেলিভিশনে কাজের পর হলিউডে আরো বড় সুযোগের অপেক্ষায় ছিলেন ব্রুস। তবে প্রত্যাশামতো কাজ না পাওয়ায় ১৯৭০-এর দশকের শুরুতে হংকংয়ে ফিরে যান। সেখানে অভিনয় করেন দ্য বিগ বস, ফিস্ট অব ফিউরি এবং দ্য ওয়ে অব দ্য ড্রাগন সিনেমায়। ছবিগুলো তাকে এশিয়ার দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয় করে তোলে। বিশেষ করে মার্শাল আর্টের দ্রুত ও অভিনব উপস্থাপনা দর্শকদের মধ্যে নতুন আগ্রহ তৈরি করে।
এরপর হলিউড ও হংকংয়ের যৌথ প্রযোজনায় নির্মিত এন্টার দ্য ড্রাগন সিনেমায় অভিনয় করেন তিনি। ১৯৭৩ সালে মুক্তি পাওয়া ছবিটি আন্তর্জাতিক অঙ্গনে তাকে আরো পরিচিত করে তোলে। ছবিটি মুক্তির আগেই অবশ্য ২০ জুলাই, মাত্র ৩২ বছর বয়সে হংকংয়ে মারা যান ব্রুস লি। তার আকস্মিক মৃত্যুতে বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
স্বল্প সময়ের ক্যারিয়ার হলেও চলচ্চিত্র ও মার্শাল আর্টে ব্রুস লির প্রভাব ছিল সুদূরপ্রসারী। তার অভিনীত সিনেমাগুলো পরবর্তী প্রজন্মের অ্যাকশন চলচ্চিত্র নির্মাণে প্রভাব রেখেছে। মার্শাল আর্টকে বিশ্বজুড়ে জনপ্রিয় করে তোলার পাশাপাশি এশীয় শিল্পীদের আন্তর্জাতিক চলচ্চিত্রে নিজেদের অবস্থান তৈরির পথও বিস্তৃত করেছেন তিনি। মৃত্যুর পাঁচ দশকের বেশি সময় পরও তাই দর্শক ও মার্শাল আর্টপ্রেমীদের কাছে সমানভাবে স্মরণীয় ব্রুস লি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192656