শ্রমিক বাঁচলেই শিল্প টিকে থাকবে: গোলাম পরওয়ার
শ্রমিকদের ন্যায্য মজুরি, চিকিৎসা ও জীবনযাত্রার মান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, শিল্প বাঁচলে দেশ বাঁচবে—এ কথা যেমন সত্য, তেমনি শ্রমিক বাঁচলেই শিল্প টিকে থাকবে। বিষয়টি শিল্পমালিকদের উপলব্ধি করতে হবে।
আজ শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে চট্টগ্রাম বন্দরসংলগ্ন শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগর শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, শ্রমিকদের ন্যূনতম মজুরির দাবি এখনো পূরণ হয়নি। বিশেষ করে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের অবস্থা প্রত্যাশিত পর্যায়ে নেই। শ্রমিকের শ্রমে মালিকেরা বিপুল সম্পদের মালিক হলেও তাঁদের জীবনযাপন, চিকিৎসা ও পরিবারের ভরণপোষণের দায়িত্ব যথাযথভাবে পালন করা হচ্ছে না।
তিনি আরও বলেন, ভাঙচুর, অগ্নিসংযোগ, কারখানায় ধর্মঘট কিংবা জ্বালাও-পোড়াওয়ের মতো কর্মকাণ্ডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিশ্বাস নেই। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় আদর্শভিত্তিক ও নিয়মতান্ত্রিক ট্রেড ইউনিয়ন আন্দোলন গড়ে তুলতে হবে।
নবনির্বাচিত কমিটির উদ্দেশে জামায়াতের এই নেতা বলেন, চট্টগ্রাম দেশের অর্থনৈতিক রাজধানী। শিল্পকারখানা ও বন্দরের কারণে জাতীয় অর্থনীতিতে এ অঞ্চলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আগামী দুই বছরে নতুন কমিটির নেতৃত্বে আরও বেশি ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা এবং সংগঠনকে শক্তিশালী করার প্রত্যাশা করেন তিনি।
সম্মেলনে এস এম লুৎফর রহমানকে সভাপতি ও আবু তালেব চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়।
গোলাম পরওয়ার বলেন, শ্রমিক আন্দোলনের ভিত্তি হওয়া উচিত পরকালের প্রতি বিশ্বাস। ইসলামী আদর্শের আলোকে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন আন্দোলন গড়ে তুলতে হবে।
তিনি জানান, ১৯৬৮ সালের ২৩ মে তৎকালীন পূর্ব পাকিস্তানে ইসলামী আদর্শের অনুসারীদের উদ্যোগে শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রতিষ্ঠিত হয়। সে সময় শ্রমিক অধিকার আন্দোলনকে কমিউনিজম বিস্তারের মাধ্যম হিসেবে ব্যবহারের প্রবণতার বিপরীতে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে ট্রেড ইউনিয়ন আন্দোলন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছিল।
সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ শাহজাহান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির নজরুল ইসলাম এবং চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মো. জহিরুল ইসলাম।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192655