শহীদ ডাঃ মিলন দিবসে ঢাবি ছাত্রদলের পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন

শহীদ ডাঃ মিলন দিবসে ঢাবি ছাত্রদলের পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন

ঢাবি প্রতিনিধি: শহীদ ডাঃ শামসুল আলম খান মিলন দিবস উপলক্ষে তাঁর সমাধি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন শহীদ ডাঃ মিলন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

আজ শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৯টায় তাঁর সমাধিতে এবং সকাল সাড়ে ৯টায় টিএসসি সংলগ্ন স্মৃতিস্তম্ভে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

১৯৯০ সালের ২৭ নভেম্বর স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের সময় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন চিকিৎসক ডাঃ শামসুল আলম খান মিলন। তাঁর আত্মত্যাগ স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ প্রেরণা জোগায়।

শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন। এ ছাড়া বিশ্ববিদ্যালয় কমিটি ও বিভিন্ন হল শাখার শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, "শহীদ ডাঃ মিলন ছিলেন গণতন্ত্র, মানুষের অধিকার ও মুক্তচিন্তার পক্ষে এক সাহসী কণ্ঠস্বর। তাঁর আত্মত্যাগ স্বৈরাচারবিরোধী আন্দোলনকে আরও বেগবান করেছিল এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নতুন প্রেরণা জুগিয়েছিল। তাঁর আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয়— গণতন্ত্র কখনো আপসের বিষয় নয়; মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সাহস, ঐক্য ও ত্যাগের প্রয়োজন।"

সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, "ডাঃ মিলনের শহীদ হওয়ার মাধ্যমেই স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন চূড়ান্ত রূপ ধারণ করে। শহীদ ডাঃ মিলনের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা আমাদের পরবর্তী সকল অধিকার আদায় ও গণতান্ত্রিক আন্দোলনে অনুপ্রাণিত করে আসছে। তাঁর আত্মত্যাগ আমাদের হৃদয়ে চিরভাস্বর হয়ে থাকবে এবং সকল গণতান্ত্রিক আন্দোলনে অনুপ্রেরণা জোগাবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192650