ঢাকায় আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা

ঢাকায় আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা

রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে কর্মীদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে দুই ব্যক্তি। এ ঘটনায় হোটেলটির ম্যানেজার নাঈমুর রহমান নিহত হয়েছেন। আহত হয়েছেন মহাব্যবস্থাপকসহ (এমডি) আরও দুজন।

গতকাল বৃহস্পতিবার গভীর রাতে জয়কালী মন্দিরের পাশের ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।

নিহত নাঈমুর রহমানের বয়স ২৬ বছর। আহত দুজন হলেন হোটেলটির মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক (৫০) এবং কর্মী হাসান (২৬)।

আজ শুক্রবার (২৭ নভেম্বর) ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন মিয়া জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে দুই ব্যক্তি হোটেলে প্রবেশ করেন। এ সময় তারা ম্যানেজার নাঈমুর রহমানের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান।

নাঈমুরের চিৎকার শুনে তাকে রক্ষা করতে এগিয়ে আসেন আব্দুর রাজ্জাক ও হাসান। হামলাকারীরা তাদের ওপরও আক্রমণ চালিয়ে আহত করে। পরে স্থানীয়দের সহায়তায় তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাঈমুর রহমানকে মৃত ঘোষণা করেন।

পুলিশ কর্মকর্তা আল আমিন মিয়া জানান, হোটেলের সামনে মুরগি ব্যবসায়ীদের বসা নিয়ে বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এক মুরগি ব্যবসায়ী ও তার ছেলের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

তিনি আরও জানান, আহত আব্দুর রাজ্জাকের পিঠে গুরুতর জখম হয়েছে। অন্যদিকে হাসানের পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার কারণ ও জড়িত ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পুলিশ তদন্ত করছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192646