ডাক পেলে সাবেক সেনাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বললো যুক্তরাজ্য
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সম্ভাব্য হুমকির কথা উল্লেখ করে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় (এমওডি) প্রায় ১ লাখ সাবেক রিজার্ভ সেনা ও সদ্য অবসরপ্রাপ্ত সামরিক সদস্যকে সম্ভাব্য তলবের জন্য প্রস্তুত থাকতে বলেছে। ব্রিটিশ দৈনিক দ্য টাইমসের বরাত দিয়ে জানা গেছে, প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব স্ট্র্যাটেজিক রিজার্ভিস্ট ও সাবেক সেনাদের কাছে চিঠি পাঠিয়ে তাদের ব্যক্তিগত তথ্য হালনাগাদ করতে এবং প্রয়োজনে পুনরায় বাহিনীতে ফেরার প্রস্তুতি নিতে অনুরোধ জানিয়েছে।
সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের স্বাক্ষরিত এই চিঠিগুলো স্নায়ুযুদ্ধের পর এই প্রথম পাঠানো হলো। প্রতিরক্ষা মন্ত্রণালয় একে প্রতিরোধ ক্ষমতা জোরদার করা এবং সংঘাতের ঝুঁকি কমানোর একটি বাস্তবসম্মত পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে। তবে তারা আশ্বস্ত করেছে যে, এর অর্থ এই নয় যে এখনই জরুরি ভিত্তিতে তাদের তলব করা হচ্ছে। রাশিয়ার হুমকি আসলে কতটা গুরুতর, ইউক্রেন যুদ্ধে ব্রিটেনের ভূমিকা কী হওয়া উচিত এবং সামরিক সক্ষমতা বৃদ্ধির এই ব্যয় ব্রিটিশ সশস্ত্র বাহিনী বহন করতে পারবে কি না; এমন এক বিতর্কিত পরিস্থিতির মধ্যেই এই চিঠিগুলো পাঠানো হলো।
যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপের স্বপক্ষে জোরালো যুক্তি তুলে ধরা হয়েছে। গত ৪ নভেম্বর প্রকাশিত হাউস অব কমন্সের লাইব্রেরি ব্রিফিং অনুযায়ী, সরকারি হুমকি মূল্যায়নে বলা হয়েছে যে রাশিয়া এখন আগের চেয়ে বেশি ঝুঁকি নিতে প্রস্তুত এবং ইউরোপজুড়ে নাশকতা, ড্রোন অনুপ্রবেশ ও সাইবার হামলার মতো হাইব্রিড অভিযান জোরদার করেছে। গত মাসে দ্য টেলিগ্রাফে লেখা এক নিবন্ধে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং সতর্ক করে বলেন, ২০৩০ সালের মধ্যে ব্রিটেনের প্রতিপক্ষরা আক্রমণের জন্য প্রস্তুত হয়ে যেতে পারে। তার মতে, এর ফলে যুক্তরাজ্য ও ন্যাটোর হাতে প্রস্তুতির জন্য ‘এক হাজার দিনের কিছু বেশি’ সময় বাকি আছে।
‘যুদ্ধ করে জয়ী হওয়ার প্রস্তুতি’-কে নিজের প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে স্ট্রিটিং দাবি করেন, ‘হাইব্রিড ওয়ারফেয়ার’ বা ‘গ্রে জোন থ্রেট’-এর মতো শব্দগুলো দিয়ে প্রকৃত ঝুঁকিকে কম করে দেখানো হচ্ছে। তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের ফলে সাইবার হামলা চালানো এখন অনেক সহজ হয়ে গেছে। সরকারের পক্ষ থেকে নাগরিকদের জরুরি পরিস্থিতির জন্য তিন দিনের খাবার, পানি ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী মজুত রাখার আহ্বান জানিয়ে ‘বি রেডি’ প্রচারণা শুরু করার কয়েক দিন পরই প্রতিরক্ষামন্ত্রীর এই নিবন্ধটি প্রকাশিত হয়। এ ছাড়া সরকার ২০৩০ সালের মধ্যে জিডিপির ৩ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয়ের লক্ষ্যমাত্রা পরিবর্তন করে ২০৩৫ সালের মধ্যে ন্যাটোর নির্ধারিত ৩ দশমিক ৫ শতাংশে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে।
দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, রিজার্ভ সেনাদের কাছে পাঠানো চিঠিগুলো সরকারের এই বৃহত্তর প্রস্তুতিরই অংশ। কেবল ব্যতিক্রমী পরিস্থিতিতে তলবের আওতাভুক্ত প্রায় ১ লাখ স্ট্র্যাটেজিক রিজার্ভিস্ট ও সদ্য অবসরপ্রাপ্ত সেনাদের কাছে পাঠানো এই চিঠিতে তাদের যোগাযোগের ঠিকানা হালনাগাদ করার পাশাপাশি বর্তমান পেশা ও দক্ষতার তথ্য দিতে বলা হয়েছে। একই সঙ্গে ২০২৭ সালের বসন্তে অনুষ্ঠিতব্য ন্যাটোর ফ্ল্যাগশিপ সামরিক মহড়া ‘স্টিডফাস্ট ডিফেন্ডার’-সহ বিভিন্ন প্রশিক্ষণ ও মহড়ায় স্বেচ্ছাসেবী হিসেবে অংশ নেওয়ার জন্যও তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। একটি সামরিক সূত্র জানিয়েছে, স্বল্প সময়ের নোটিশে রিজার্ভ সেনাদের মোতায়েন করার কোনো পরিকল্পনা এখনই নেই, তবে তাদের একটি হালনাগাদ ডেটাবেজ ও যোগাযোগের ব্যবস্থা না রাখাটা হবে বোকামি। দ্য টেলিগ্রাফ আরও জানিয়েছে, যুক্তরাজ্য সরকার ন্যাটোর আর্টিকেল-৩ এর দিকেও গভীরভাবে নজর দিচ্ছে, যেখানে সদস্য রাষ্ট্রগুলোকে সশস্ত্র আক্রমণ প্রতিরোধের সক্ষমতা বজায় রাখার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192630