এবার রাজধানীর বাড্ডায় চলন্ত বাসে আগুন
রাজধানীর মেরুল বাড্ডায় আলিফ পরিবহনের চলন্ত একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটির সব সিট পুড়ে গেছে। বাসে থাকা যাত্রীরা নিরাপদে নামতে পারায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৯টা ৫০ মিনিটে কানাডিয়ান ইউনিভার্সিটির সামনের সড়কে এ ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে রাত সাড়ে ১১টার দিকে নিশ্চিত করেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরুল ইসলাম।
তিনি বলেন, “রাজধানীর মেরুল বাড্ডার কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে আলিফ পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে বাসটিতে থাকা যাত্রীরা দ্রুত নেমে যান। তবে এতে কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। আল্লাহর রহমতে বাসটিতে থাকা যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান তারা।”
ওসি আরও বলেন, কীভাবে এবং কারা বাসটিতে আগুন দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা বাসের পেছনের সিটে গানপাউডার ছিটিয়ে রাখতে পারে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192625