কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে সালমান খান
বিনোদন ডেস্ক : রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এরই মধ্যে জানা গেল, ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে যোগ দিতে কলকাতায় আসছেন বলিউড তারকা সালমান খান। মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্যে বিষয়টি সামনে এসেছে। তার কথায়, সালমান খানের হাত ধরেই শুরু হতে পারে এবারের চলচ্চিত্র উৎসব। শুধু সালমান নন, উদ্বোধনী আয়োজনে উপস্থিত থাকবেন আরও অনেক তারকা। এর আগে গত ২৭ অক্টোবর চলচ্চিত্র উৎসব কমিটির মুখ্য উপদেষ্টা মিঠুন চক্রবর্তী জানিয়েছিলেন, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে কঙ্গনা রানাউত, রজনীকান্ত, অনুপম খের, পরেশ রাওয়াল। এ ছাড়া ১ নভেম্বর উৎসব কমিটির বৈঠকে বলিউড তারকা অক্ষয় কুমার ও সঞ্জয় দত্তের আসার বিষয়টিও আলোচনায় আসে। জনি লিভার ও পরিচালক অনুরাগ বসুও অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন বলে খবর।
উৎসব কমিটির চেয়ারম্যান প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছেন, অতিথি তালিকায় শুধু বলিউড তারকারাই নন, আন্তর্জাতিক অঙ্গনের অভিনেতা ও শিল্পীদেরও আমন্ত্রণ জানানো হচ্ছে। এবারের উৎসবে থাকছে ফিল্ম বাজারও। এর দায়িত্বে থাকছেন অভিনেতা জিৎ। সব মিলিয়ে এবারের আয়োজন নিয়ে রয়েছে বেশ কিছু নতুন পরিকল্পনা। অতিথি তালিকায় সালমান খানের নাম যুক্ত হওয়ায় বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে নিরাপত্তাজনিত কারণে অভিনেতার প্রকাশ্যে যাতায়াত অনেকটাই সীমিত। বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে একাধিকবার প্রাণনাশের হুমকি পাওয়ার পর থেকে কঠোর নিরাপত্তার মধ্যে থাকতে হচ্ছে তাকে। এমন পরিস্থিতিতে কলকাতা চলচ্চিত্র উৎসবে তার উপস্থিতির খবর স্বাভাবিকভাবেই আলোচনায় এসেছে। তবে কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে সালমানের উপস্থিতি এবারই প্রথম নয়। এর আগে ২০২৩ সালে ২৯তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন তিনি। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে কলকাতায় এসেছিলেন এই অভিনেতা। সেবার মঞ্চে মজার ছলে মুখ্যমন্ত্রীর বাড়ির প্রসঙ্গ টেনে বলেছিলেন, মমতার বাড়ি দেখতে গিয়ে বুঝেছেন, তার নিজের বাড়ির চেয়েও ছোট মুখ্যমন্ত্রীর বাসভবন। । ১৬ ডিসেম্বর শুরু হয়ে উৎসব চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালে। এ ছাড়া থাকছে রেড কার্পেটের আয়োজন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192613