বগুড়া নগর ভবনে হরিজন শ্রমিকদের বিক্ষোভ
শহর প্রতিনিধি: বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ বগুড়া জেলা শাখার পক্ষ থেকে সিটি কর্পোরেশনে কর্মরত হরিজন ঝাড়ুদাররা নগর ভবনের লিচু বাগান চত্ত্বরে বিক্ষোভ সমাবেশ করেছে। বৃহস্পতিবার দুপুর ১ টা থেকে বেলা ৩টা পর্যন্ত দুই ঘন্টা ব্যাপী তাদের এই বিক্ষোভ সমাবেশ চলে।
বিক্ষোভ সমাবেশে সংগঠনটির বগুড়া জেলা শাখার দীপক হরিজন রামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সুধির হরিজন, সিনিয়র সহ-সভাপতি নয়ন বাঁশফোড়, সহ সভাপতি নিরোধ কুমার হরিজন, টুটুল সহ আরও অনেকে ।
বক্তারা হরিজনসহ সিটি কর্পোরেশনের ওয়ার্ড পর্যায়ে কর্মরত পরিচ্ছন্ন কর্মী- শ্রমিক-কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধিসহ ৭দফা দাবি উপস্থাপন করেন।
হরিজনদের দাবিগুলো হলো,হরিজন ঝাড়ুদারদের বেতন বৃদ্ধি করে নূন্যতম ১২হাজার টাকা করা, হরিজন ঝাড়ুদার মৃত্যুবরণ করিলে তার শ্রাদ্ধের জন্য প্রয়োজনীয় বরাদ্দ প্রদান, ছেলে-মেয়ের বিয়ের জন্য প্রয়োজনীয় খরচ দেওয়া, দুর্গাপূজাসহ অন্যান্য পূজায় মহানগরের ৫টি মন্ডপে কমপক্ষে মন্ডপ প্রতি ১লাখ টাকা করে বরাদ্দ দেওয়া, ২১টি সিটি কর্পোরেশন ওয়ার্ডে হরিজন ঝাড়ুদার নিয়োগ দেওয়া এবং হরিজনদের আবাসস্থল মেরামত করে দেওয়া, অসুস্থ্য হরিজনদের চিকিৎসা ভাতা দেওয়া এবং নতুন আবাসন নির্মাণ করা।
পরে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ বগুড়া জেলা শাখার পক্ষ থেকে প্রতিনিধি দল সিটি কার্যালয়ে প্রশাসক এম আর ইসলাম স্বাধীনের কাছে তাদের দাবি সম্বলিত একটি আবেদনপত্র হস্তান্তর করেন। বিক্ষোভে বগুড়া সিটি কর্পোরেশনের ওয়ার্ড পর্যায়ে কর্মরত পরিচ্ছন্ন কর্মী- শ্রমিক-কর্মচারীদের নেতা আনোয়ার হোসেনও বক্তব্য রাখেন। বিক্ষোভ সমাবেশে অবিলম্বে দাবি আদায় না হলে বগুড়া শহর অপরিচ্ছন্ন রেখে বসবাস অনুপযোগী করে দেওয়ারও হুশিয়ারি দেন বক্তারা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192606