দেশের ভূখণ্ডের দিকে কেউ আগ্রাসী দৃষ্টিতে তাকালে তা সহ্য করা হবে না: আইনমন্ত্রী
বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর কোনো ধরনের হুমকি মেনে নেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, দেশের ভূখণ্ডের দিকে কেউ আগ্রাসী দৃষ্টিতে তাকালে তা সহ্য করা হবে না। একই সঙ্গে আগুন সন্ত্রাস, নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার কামান্নায় ঐতিহাসিক কামান্না গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের বাংলাদেশ দখলসংক্রান্ত হুমকির প্রসঙ্গ তুলে আইনমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশের একটি রাজ্যের মন্ত্রী বাংলাদেশের ভূখণ্ডের একাংশ দখলের কথা বলেছেন। এ প্রসঙ্গে কামান্না গণহত্যায় শহীদ ২৭ বীরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের মানুষের শরীরে একবিন্দু রক্ত থাকা পর্যন্ত দেশের স্বাধীন ভূখণ্ডের দিকে কেউ চোখ তুলে তাকানোর সাহস দেখাতে পারবে না।
মন্ত্রী আরও বলেন, রাজনৈতিক স্বার্থ ও ক্ষমতার লোভে একটি মহল দেশে অগ্নিসংযোগ, নাশকতা এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছে। এসব কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গোপালগঞ্জের সাধারণ মানুষও এ ধরনের সহিংসতা সমর্থন করে না। সেখানে পলাতক ফ্যাসিবাদের সন্ত্রাসীরা সাধারণ মানুষকে জিম্মি করে নানা অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
আইনমন্ত্রী বলেন, সরকার সব ধরনের অপরাধের বিষয়ে সতর্ক রয়েছে। অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।
কামান্না গণহত্যায় শহীদ ২৭ বীরের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন। জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মো. কামালুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমদ আজম খান।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ এবং শৈলকূপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192594