মিয়ানমার থেকে আরও ৪১ জেলেকে ফেরাল বিজিবি
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক থাকা ৪১ জন বাংলাদেশি জেলেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে তাদের টেকনাফের বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট জেটিঘাট এলাকায় নিয়ে আসা হয়।
বিজিবি সূত্র জানায়, বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ায় ওই জেলেরা আরাকান আর্মির হাতে আটক হন এবং বিভিন্ন স্থানে বন্দি ছিলেন। আটক জেলেদের পরিবারের দুর্দশার কথা বিবেচনা করে বিজিবি তাদের নিরাপদে ফিরিয়ে আনতে কূটনৈতিক ও মানবিক যোগাযোগসহ নানা তৎপরতা চালায়।
এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে নাফ নদীর শূন্যরেখা থেকে আরাকান আর্মির কাছ থেকে ৪১ জেলেকে বুঝে নেয় বিজিবি। পরে তাদের টেকনাফ জেটিঘাটে আনা হয়।
বিজিবি আরও জানায়, ফিরিয়ে আনা জেলেদের স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে যাচাই-বাছাই করা হবে। এ প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
চলতি বছরে এ পর্যন্ত বিজিবির উদ্যোগে মিয়ানমার থেকে মোট ৩২৩ জন আটক জেলেকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি। এখনো আটক থাকা বাকি জেলেদেরও ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192592