আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় বৃদ্ধার মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধার (৮০) মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কোড্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে কোড্ডা এলাকায় রেললাইন পার হওয়ার সময় ওই নারী ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কুদ্দুস জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে, নিহত নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।
ওসি আরও জানান, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই)-এর সহায়তায় নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রেলওয়ে থানায় অপমৃত্যুর মামলা করার প্রস্তুতি চলছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192582