সুযোগ থাকলেও মেসিকে নিজের দলে না নেয়ার কারণ জানালেন গার্দিওলা

সুযোগ থাকলেও মেসিকে নিজের দলে না নেয়ার কারণ জানালেন গার্দিওলা

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসিকে দলে পেতে কত ক্লাবই না চেষ্টা করেছে। সেই সুযোগ ছিল পেপ গার্দিওলার সামনেও। বার্সেলোনা ছেড়ে অন্য ক্লাবের দায়িত্ব নেয়ার পর চাইলেই আর্জেন্টাইন মহাতারকাকে নিজের দলে টানতে পারতেন তিনি। কিন্তু কখনো মেসিকে ফোন পর্যন্ত করেননি গার্দিওলা। এর পেছনে ছিল না কোনো আর্থিক হিসাব কিংবা ফুটবলীয় কৌশল। ছিল বার্সেলোনার প্রতি তার ভালোবাসা।

ব্রাজিলের সাবেক তারকা রোমারিওর পডকাস্ট ‘রোমারিও টিভি’তে দেয়া এক সাক্ষাৎকারে মেসিকে দলে নেয়ার চেষ্টা না করার কারণ জানিয়েছেন গার্দিওলা। মেসিকে নিজের কোনো দলে নেয়ার চেষ্টা করেছিলেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি কখনোই তাকে ফোন করিনি। আমি বার্সেলোনার সমর্থক। আমি চাইতাম, সে সেখানেই থাকুক।’

২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত বার্সেলোনায় একসঙ্গে কাজ করেছেন গার্দিওলা ও মেসি। চার বছরের সেই সময়ে মেসিকে ঘিরেই দলের খেলার পরিকল্পনা সাজিয়েছিলেন স্প্যানিশ কোচ। দুজনের হাত ধরে বার্সেলোনা জিতেছে ১৪টি শিরোপা। এর মধ্যে রয়েছে দুটি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি লা লিগা, দুটি কোপা দেল রে, তিনটি স্প্যানিশ সুপার কাপ, দুটি ইউরোপিয়ান সুপার কাপ ও দুটি ক্লাব বিশ্বকাপ।

২০০৯ সালে এক পঞ্জিকাবর্ষে ছয়টি শিরোপা জিতে ইতিহাসের প্রথম দল হিসেবে ‘সেক্সটেট’ পূর্ণ করেছিল বার্সেলোনা। সেই সাফল্যের অন্যতম দুই কারিগর ছিলেন গার্দিওলা ও মেসি। শুধু মাঠের সাফল্যই নয়, মেসির মানসিকতারও প্রশংসা করেছেন গার্দিওলা। তার মতে, জয়ের জন্য মেসির ক্ষুধা ছিল অন্যদের চেয়ে আলাদা। নিজের অভিজ্ঞতা থেকে গার্দিওলা বলেন, ‘অনুশীলনে একটি ম্যাচও হেরেছে বলে আমার মনে পড়ে না।’ মেসির এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মানসিকতার সঙ্গে কিংবদন্তি বাস্কেটবল তারকা মাইকেল জর্ডানের মিল খুঁজে পেয়েছেন গার্দিওলা। জর্ডানের ক্যারিয়ার নিয়ে তৈরি তথ্যচিত্র ‘দ্য লাস্ট ড্যান্স’ দেখার পর তার এমন উপলব্ধি হয়েছে বলে জানান এই কোচ।

১৯৯৩-৯৪ মৌসুমে বার্সেলোনায় একসঙ্গে খেলেছিলেন গার্দিওলা ও রোমারিও। তখন ইয়োহান ক্রুইফের ঐতিহাসিক ‘ড্রিম টিমের’ সদস্য ছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সেই রোমারিওর পডকাস্টেই এবার মেসিকে নিয়ে নিজের ভাবনার কথা জানালেন গার্দিওলা। 

২০২৬ সালের মে মাসে ম্যানচেস্টার সিটির দায়িত্ব ছেড়েছেন গার্দিওলা। ইংলিশ ক্লাবটিতে টানা ১০ মৌসুম কাটানোর পর আপাতত কোচিংয়ের বাইরে আছেন তিনি। ভবিষ্যতে আবার কোচিংয়ে ফিরবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে গার্দিওলা বলেন, ‘যদি কখনো ফিরি, তাহলে সেটা হবে আমার ভেতরের তাগিদ থেকে এবং কেউ আমাকে ভালোবাসে বলে। তবে অনেক বছর কেটে গেছে, অনেক ম্যাচ খেলেছি।’

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192578