ফরিদপুরে শিশুকে ধর্ষণচেষ্টার দায়ে যুবকের ৭ বছরের কারাদণ্ড
ফরিদপুরের ভাঙ্গায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার দায়ে সুমন হাওলাদার (২৪) নামে এক যুবককে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় দেন।
রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সুমন আদালতে উপস্থিত ছিলেন।
পরে পুলিশি পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্ত সুমন হাওলাদার ভাঙ্গা উপজেলার সোনাখোলা গ্রামের জাফর হাওলাদারের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৬ জুন বিকেল ৫টার দিকে শিশুটিকে বাড়িতে একা রেখে ব্যক্তিগত কাজে ইউনিয়ন পরিষদে যান তার মা। এ সুযোগে প্রতিবেশী সুমন ঘরে ঢুকে শিশুটির মুখ চেপে ধরেন এবং ওড়না দিয়ে দুই হাত বেঁধে বারান্দায় নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।
মামলাটি তদন্ত করেন ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিব হোসেন। তদন্ত শেষে ২০২৫ সালের ১৭ জানুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারায় সুমনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার আদালত এ রায় দেন।
বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুঁইয়া রতন বলেন, শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি সুমন হাওলাদারকে সাত বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।