রংপুরে তিন দিনব্যাপী তাবলিগ জামাতের ইজতেমা শুরু
রংপুর প্রতিনিধি : রংপুরে তিন দিনব্যাপী তাবলিগ জামাতের ইজতেমা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ধর্মীয় এ সমাবেশ শুরু হয়। আগামীকাল শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনব্যাপী এ আয়োজন।
নগরীর দর্শনা মোড় থেকে সূত্রাপুর-আক্কেলপুর এলাকাজুড়ে ইজতেমার আয়োজন করা হয়েছে। এতে রংপুরসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে লাখো মুসল্লির সমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা। ইতোমধ্যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সুদানসহ বিভিন্ন দেশ থেকে বিদেশি জামাতের সদস্যরাও ইজতেমায় অংশ নিয়েছেন।
তিন দিনব্যাপী এ আয়োজনে ধর্মীয় বয়ান, কোরআন-হাদিসের আলোচনা, তালিম, নামাজ, জিকির-আজকারসহ বিভিন্ন দ্বীনি কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। এসব কার্যক্রমের মাধ্যমে মুসল্লিদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা ও ইসলামের শিক্ষা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমৃদ্ধি কামনায় শনিবার অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত।
ইজতেমায় অংশ নিতে রংপুরের পীরগাছা উপজেলার বিরাহীম এলাকা থেকে থেকে আসা মুসল্লি সফর উদ্দিন খান জানান, নিজের ঈমান ও আমলকে মজবুত করার জন্য ইজতেমায় এসেছি। মুসলিম উম্মাহর মধ্যে যে বিভেদ ও পার্থক্য রয়েছে, তা দূর হয়ে যাক—এই দোয়া করি। এত বড় মজমায় এসে খুব ভালো লাগছে।
কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থেকে আসা জহুরুল ইসলাম বলেন, আমরা প্রত্যেকে যেন ইজতেমাকে কেন্দ্র করে হেদায়েত লাভ করতে পারি, সেই দোয়া করি। ইজতেমা শেষে সবাই যেন আল্লাহর রাস্তায় বের হয়ে দ্বীনের শিক্ষা অর্জন করতে পারি, এটাই আমাদের প্রত্যাশা।
আয়োজক কমিটির মুরুব্বী মাহমুদুল আমিন বলেন, ইজতেমা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এটি একটি আমলি ইজতেমা হবে। ইজতেমাকে কেন্দ্র করে রংপুরে বেশ কয়েকটি বিদেশি জামাত এসেছে। তাদের সার্বিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। এ আয়োজনের মাধ্যমে মুসলিম নর-নারী সবাই যেন হেদায়েত লাভ করতে পারেন, সেটিই আমাদের প্রত্যাশা।
ইজতেমা পরিচালনার কমিটির সদস্য হাফিজুর রহমান হাফিজ জানান, বৃহস্পতিবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়েছে। বর্তমানে মারকাজের মুরব্বিরা বয়ান করছেন।
ইজতেমার স্থানীয় সংগঠক শামীমুজ্জামান শামীম বলেন, মাঠ আলোকিত রাখতে বিদ্যুৎ সংযোগের পাশাপাশি শতাধিক জেনারেটরের ব্যবস্থা রাখা হয়েছে। মুসল্লিদের ওজু ও গোসলের জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা করা হয়েছে। একসঙ্গে তিন থেকে চার হাজার মানুষ ওজু করতে পারবেন।
আগত মুসল্লিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মাঠে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে অর্ধশতাধিক মেডিকেল টিম। ইজতেমা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আয়োজকদের পাশাপাশি স্থানীয় প্রশাসনও সতর্ক অবস্থানে রয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192565