কুমিল্লায় পুরোনো ভবন ভাঙতে গিয়ে দেয়ালধসে নারী শ্রমিকের মৃত্যু

কুমিল্লায় পুরোনো ভবন ভাঙতে গিয়ে দেয়ালধসে নারী শ্রমিকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে পুরোনো ভবন ভাঙার সময় দেয়ালধসে হোসনেয়ারা বেগম (৪৮) নামের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার(২৬ নভেম্বর) উপজেলার মুন্সিরহাট পূর্ব বাজারে ব্র্যাক কার্যালয়-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হোসনেয়ারা বেগম নেত্রকোনার বারহাট্টা উপজেলার রূপচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। তিনি শ্রমিক সর্দার হাজী ইসমাইলের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন ৯০০ টাকা মজুরির চুক্তিতে দুই নারী ও তিন পুরুষসহ পাঁচজন শ্রমিক বৃহস্পতিবার মুন্সিরহাট পূর্ব বাজারে মুজিবুর রহমানের পুরোনো ভবন ভাঙার কাজ শুরু করেন। এ সময় অসাবধানতাবশত একটি দেয়ালের অংশ ধসে হোসনেয়ারা বেগমের ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে অন্য শ্রমিকেরা তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রবিউল হোসেন বলেন, দেয়ালধসে গুরুতর আহত শ্রমিক হোসনেয়ারা বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ভবনের মালিক মজিবুর রহমান বলেন, ৮০ হাজার টাকা চুক্তিতে রাজমিস্ত্রি জাহাঙ্গীরকে ভবনটি ভাঙার দায়িত্ব দেওয়া হয়। বৃহস্পতিবার পাঁচজন নারী-পুরুষ শ্রমিক নিয়ে ভবন ভাঙার কাজ করার সময় দেয়ালধসে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192563