হুথির ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল সৌদির দুই বন্দর, রিয়াদের আকাশেও বড় বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের হোদেইদাহ বন্দরে দফায় দফায় বিমান হামলার জবাবে সৌদি আরবের জেদ্দা ও জাজান বন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে হুতি বিদ্রোহীরা। এদিকে সৌদি রাজধানী রিয়াদে বড় বিস্ফোরণ ঘটেছে। ইয়েমেনে হুতিদের সঙ্গে তীব্র সংঘাতের মধ্যে গত ১৭ নভেম্বর সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের লোহিত সাগর উপকূলের হোদাইদাহ বন্দরে ভয়াবহ বিমান হামলা চালায়।
বুধবার (২৫ নভেম্বর) সেই হামলার জবাব দেয় হুতিরা। হামলার পর ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি এক বিবৃতিতে জানায়, সৌদি আরবের জেদ্দা ও জিজান বন্দর লক্ষ্য করে দুটি সামরিক অভিযান চালিয়েছে তারা। বিবৃতিতে বলা হয়, প্রথম অভিযানে জেদ্দা বন্দরের নির্ধারিত লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানা হয়েছে। দ্বিতীয় অভিযানে জিজান বন্দরের লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত করা হয়েছে। এতে উভয় স্থানেই ক্ষয়ক্ষতি হয়েছে। গোষ্ঠীটি আরও জানায়, হোদেইদা বন্দরে যেকোনো ধরনের আগ্রাসনের তাৎক্ষণিক ও সরাসরি জবাব দেয়া হবে। ‘বন্দরের বদলে বন্দর’ নীতি বাস্তবায়নের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছে তারা।
ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত সৌদি আরবের কৌশলগত অবকাঠামো ও সামরিক সমাবেশ লক্ষ্য করে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে গোষ্ঠীটি। খাদ্য, জ্বালানি ও মানবিক সহায়তা প্রবেশের গুরুত্বপূর্ণ পথ হোদেইদা বন্দর। ইয়েমেনের সশস্ত্র বাহিনী বারবার সতর্ক করে বলেছে, এই বন্দরে যেকোনো হামলা হলে সৌদি আরবের কৌশলগত ও অর্থনৈতিক স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালানো হবে।
হুতিদের দাবি, সৌদি নেতৃত্বাধীন আগ্রাসন ও অবরোধ মোকাবিলায় তাদের এই প্রতিরোধমূলক পদক্ষেপ। ২০১৫ সালের মার্চে শুরু হওয়া আগ্রাসন ও অবরোধের পরিপ্রেক্ষিতে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোতে যেকোনো ধরনের হামলার পাল্টা জবাব দেয়া হবে বলেও জানিয়েছে তারা। বন্দর লক্ষ্য করে হুতিদের এই হামলার কথা স্বীকার করেছে সৌদি সামরিক জোট।
জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান, একটি ক্ষেপণাস্ত্র জাজান বন্দরে এসে পড়েছে। এ ঘটনায় সামান্য ক্ষয়ক্ষতি হলেও কোনো বেসামরিক নাগরিক নিহত বা আহত হননি বলেও জানান মালিকি। নিক্ষেপ করা ওই বস্তুটির প্রকৃতি নির্ধারণের চেষ্টা চলছে বলেও তিনি জানান।
সৌদি সামরিক জোট এক বিবৃতিতে জানায়, জেদ্দা বন্দরের কাছে এক ড্রোন বিধ্বস্ত হয়েছে। তবে এর কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বা কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। একই দিনে সৌদি আরবের বৃহত্তম শোধনাগার রাস তানুরা এবং রিয়াদের আর্থিক কেন্দ্রগুলোতেও হামলার দাবি করে গোষ্ঠীটি। হামলার পর তেল রাস তানুরা শোধনাগারটিতে আগুন ধরে যায়। তিন ধাপে হামলা চালানো হয় রিয়াদের আর্থিক কেন্দ্রগুলোতে। তবে শোধনাগারটি সরাসরি আক্রান্ত হয়েছে কিনা, তা নিশ্চিত করেনি সৌদি নেতৃত্বাধীন জোট। এছাড়া পূর্বাঞ্চলীয় প্রদেশের রাস তানুরায় চারটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে জোট।
অপরদিকে সৌদির গুরুত্বপূর্ণ অবকাঠামো ও কৌশলগত স্থাপনাগুলোতে একের পর এক হামলা চালাচ্ছে হুতিরা। এমনকি রাজধানী রিয়াদের কেন্দ্রস্থলে থাকা গুরুত্বপূর্ণ আকাশচুম্বী ভবনও হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এএফপির এক সাংবাদিক ও স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মধ্যরাতের দিকে রিয়াদে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর আগে কর্তৃপক্ষ আকাশপথে ‘শত্রুপক্ষের হুমকি’ সম্পর্কে সতর্কতা জারি করে। তবে কিছুক্ষণ পরই সেই সতর্কতা প্রত্যাহার করা হয়।
রিয়াদের উত্তর ও পূর্বাঞ্চলের বাসিন্দারাও বিস্ফোরণের শব্দ শোনার বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের একজন জানিয়েছেন, বিস্ফোরণের সময় তাদের বাড়ির জানালাগুলো প্রচণ্ডভাবে কেঁপে ওঠে। সৌদি সামরিক বাহিনী জানিয়েছে, রাজধানী রিয়াদ লক্ষ্য করে হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে। সূত্র : রয়টার্স ও এএফপি
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192562